shono
Advertisement

তৃণমূল না বিজেপি, কাকে সমর্থন তা নিয়ে পশ্চিম বর্ধমানে ধর্মসঙ্কটে বামেরা

জেলা পরিষদের একটি আসনে প্রার্থীই দিতে পারেনি বামেরা। The post তৃণমূল না বিজেপি, কাকে সমর্থন তা নিয়ে পশ্চিম বর্ধমানে ধর্মসঙ্কটে বামেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:43 PM May 05, 2018Updated: 01:58 PM May 05, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শিয়রে ধর্মনিরপেক্ষতার দাওয়াই, পার্টি কংগ্রেসের এই নিদানের ‘দোহাই’ সামলাতে ধর্মসঙ্কটে এখন খোদ সিপিএমই৷ দুর্গাপুর ফরিদপুর ব্লকে শ্যাম রাখি আর কুল রক্ষার চাপে দল বুঝেই উঠতে পারছে না কার সঙ্গে হবে গোপন গাঁটছড়া- ‘অচ্ছুৎ‍’ বিজেপি নাকি ‘নচ্ছার’ তৃণমূল৷ কারণ- এই ব্লকের একটি জেলা পরিষদের আসনে সিপিএম তথা বাম প্রার্থীই নেই৷ ময়দানে সম্মুখ সমরে যুযুধান স্রেফ তৃণমূল আর বিজেপি৷ এককালের দুঁদে সিপিএম নেতা-ক্যাডারদের তাই ঘোর সংশয়- “কাকে তবে দিতে বলব ভোট৷ এ যে এগোলেও বিপদ, পিছলেও বিপদ৷” তাই যথাসম্ভব নিরাপদ নিদান দিয়েই খালাস সিপিএম৷ তবে কি এই আসনে ভোট বয়কট করবে সিপিএম তথা বাম? পাঁচ নম্বর জেলা পরিষদের এই আসন নিয়ে নাস্তানাবুদ বাম নেতাদের সাফাইয়ের ঢল নেমেছে৷ সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য প্রবীর মণ্ডল জানান, “তা কি হয় নাকি? গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতেও আমাদের প্রার্থী রয়েছে৷ তাই বয়কট বললেও ভুল বার্তা যাবে৷ আমরা নির্বাচন প্রক্রিয়াতেও অংশ নিয়েছি৷ এই অবস্থায় পিছিয়ে আসা যায় না৷”

Advertisement

[তৃণমূল-বিজেপি সেয়ানে সেয়ানে টক্কর, দেওয়াল লিখনে ছড়ার ছড়াছড়ি]

কিন্তু গ্রামের সাধারণ বাম সমর্থকদের নিয়েই বামেদের বিস্তর ফাঁপর৷ তাঁদের বোঝাতে হবে যে৷ বিজেপিকে সমর্থন করা তো দুর অস্ত প্রয়োজনে ভোটদানে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে দলীয় সমর্থকদের৷ দুর্গাপুরের অন্ডালে সাত নম্বর জেলা পরিষদেও তৃণমূলের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপি৷ এখানেও প্রার্থী দিতে পারেনি বামেরা৷ তবে পার্টি কংগ্রেসে ইয়েচুরির পার্টি লাইনকে দল সিলমোহর দেওয়ায় কিছুটা হলেও এই কেন্দ্রে স্বস্তিতে সিপিএম৷ ‘বৃহত্তর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ’ শক্তির সঙ্গে হাত মেলানোর ইয়েচুরির পার্টি লাইনকে দল অনুমোদন দেওয়ায় সে ক্ষেত্রে কংগ্রেসকে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে৷ পশ্চিম বর্ধমান জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বহু আসনেই বাম প্রার্থীর জায়গায় সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে হয় কংগ্রেস নয় বিজেপি কিংবা নির্দল বা এসইউসিআইয়ের৷ এই এলাকাগুলিতে পার্টির নতুন লাইন মোতাবেক নির্ভয়ে বিরোধীদের সমর্থন করার নির্দেশ দেওয়া হবে দলের তরফে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷

[একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে]

এবারের পার্টি কংগ্রেসে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে জোট নিয়ে লড়াই স্পষ্ট হয়েছে৷ দুই বর্ধমান জেলা-সহ চার জেলায় জোট বিরোধীরা সক্রিয় ছিল৷ সেই জেলাতেই জোট নিয়ে এই সঙ্কট দেখা যাবে তা কল্পনাতেও আনতে পারেনি বামেরা৷ আবার সিপিএমের দলীয় সূত্রে জানা গিয়েছে, বহু জায়গায় গোপনে বা তলেতলে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে দল৷ এই উভয়সঙ্কট থেকে বাঁচার সুবিধাজনক নিদান দিয়েছে সিপিএম৷ সিপিএমের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জানান,“ আমাদের কাছে তৃণমূল ও বিজেপি জনগণের শত্রূ৷ তাই যেসব আসনে বামেরা মনোনয়ন প্রত্যাহারে শাসকদলের সন্ত্রাসে বাধ্য হয়েছে ওই সব এলাকায় ভোটদানে বিরত থাকারই নির্দেশের সঙ্গে প্রচার করা হচ্ছে৷ এরপরও যদি সমর্থকরা ভোট দেয় তবে আমাদের কিছু করার নেই৷” তাই এখনও ধর্মসঙ্কট কাটছে না সিপিএম তথা বামেদের৷

The post তৃণমূল না বিজেপি, কাকে সমর্থন তা নিয়ে পশ্চিম বর্ধমানে ধর্মসঙ্কটে বামেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার