shono
Advertisement
WB Weather Update

উত্তরে ঘনাচ্ছে দুর্যোগ! চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

অতিরিক্ত গরম থেকে কবে রেহাই মিলবে, সেই প্রশ্নই এখন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মুখে মুখে ফিরছে।
Published By: Sayani SenPosted: 10:14 AM May 22, 2026Updated: 10:14 AM May 22, 2026

ক্রমশ হু হু করে বাড়ছে তাপমাত্রা। তার উপর আবার অতিরিক্ত আর্দ্রতা। দুয়ে মিলে ত্রাহি ত্রাহি রব। এই পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টির অপেক্ষায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। যদিও হাওয়া অফিস এখনই কোনও আশার বাণী শোনাতে পারছে না। তবে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। দক্ষিণ বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত। যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। তার ফলে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু। শুক্র থেকে রবিবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরেও। সোমবার থেকে বৃষ্টি কমলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। অতি বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির সময় দৃশ্যমানতা কম হতে পারে।

তবে দক্ষিণবঙ্গে চরম গরম এবং অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহ না হলেও সেইরকম পরিস্থিতি তৈরি হবে পশ্চিমের জেলায়। আগামী মঙ্গলবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের গরমে হাসফাঁস দশা হবে। কলকাতা-সহ বাকি জেলাতেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার বিকেলের পর কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড়বৃষ্টি হলেও আগামী মঙ্গলবার পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই নেই বঙ্গবাসীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement