shono
Advertisement
Dilip Mandal

যেকোনও মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কা, রক্ষাকবচের আর্জিতে হাই কোর্টে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক

পৈলানে রিসর্টের মতো প্রাসাদ ছেড়ে ‘বেপাত্তা’ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 11:15 AM May 22, 2026Updated: 12:24 PM May 22, 2026

যেকোনও মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কা। রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী রক্ষাকবচের আবেদন করেন। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি।আগামী ২৬ মে, মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। 

Advertisement

ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাঁকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

এরপর গত ১৪ মে, সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও ব়্যাফ। বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশ কর্মীরা। ওই বাড়িতে রয়েছে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ কাঠের আসবাবপত্র। এছাড়াও বাড়িতে একটি গুহাও রয়েছে বলে জানা গিয়েছে। ওই তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা বিধায়ক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে গত ১৭ মে, রবিবার রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকরা বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডলের খোঁজে তল্লাশি অভিযান চালান। অর্ঘ্য-সহ পাঁচজনকে বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় অযথা অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রক্ষাকবচের আর্জিতে হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement