shono
Advertisement

Breaking News

খাটিয়া বৈঠক দিয়ে জঙ্গলমহলে ভোট প্রচার শুরু তৃণমূলের

একসময়ের মাওবাদীদের মুক্তাঞ্চলে এখন উন্নয়নের গুণ গাইছেন বাসিন্দারা। The post খাটিয়া বৈঠক দিয়ে জঙ্গলমহলে ভোট প্রচার শুরু তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Apr 08, 2018Updated: 06:11 PM Apr 08, 2018

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রার্থী নিয়ে এখনও টানাপোড়েন। কিন্তু তার মধ্যেই খাটিয়া বৈঠকের মাধ্যমে পুরুলিয়ার জঙ্গলমহলে এই পঞ্চায়েত ভোটের প্রথম রবিবাসরীয় প্রচার শুরু করে দিল তৃণমূল। রবিবার জঙ্গলমহল বরাবাজারের বেড়াদা গ্রামে খাটিয়া বৈঠকে ভোট প্রচার শুরু হয়। একেবারে গাছের তলায় কর্মীদের নিয়ে খাটিয়া বৈঠক করে পঞ্চায়েতের নির্বাচনে দলের কৌশল বাতলে দেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা সমিতির প্রার্থী প্রতুল মাহাতো। এই ভোটের প্রথম রবিবাসরীয় প্রচার ছিল একেবারেই রঙিন। হাতে-হাতে ঘাস ফুলের পতাকা, সঙ্গে দেওয়াল লিখনের রঙ-তুলিও। সকাল থেকে দেওয়াল লিখে এই বৈঠকে ভোটার তালিকা নিয়ে শামিল হন কর্মীরা। রবিবাসরীয় প্রচারেই ভোটার তালিকায় চোখ রেখে অঙ্ক কষে একেবারে পঞ্চায়েত দখলের পরিকল্পনা হয়ে যায় এই খাটিয়ায় বৈঠকেই।

Advertisement

[শান্তিপূর্ণ হোক পঞ্চায়েত ভোট, দামোদরের তীরে গানে গানে প্রচার বাউল পরিবারের]

খাটিয়া বৈঠকে কর্মীদের সঙ্গে বরাবাজার সমিতির প্রার্থী প্রতুল মাহাতো।

বরাবাজারের এই বেড়াদা ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। সূর্য ডোবার আগেই যেন এখানে রাত নেমে আসত। গুলির আওয়াজ, ল্যান্ডমাইনের শব্দ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। ভারী বুটের শব্দে আতঙ্কে মায়ের কোলে মুখ লুকাত শিশু। ঝাড়খণ্ড লাগোয়া এই অঞ্চল যেন পুরোপুরি মাওবাদীদের ঘাঁটি হয়ে গিয়েছিল। তাই সেইসময় বন্ধ হয়ে গিয়েছিল রাজনৈতিক প্রচার। বন্দুকের নলই ছিল ক্ষমতার উৎস। তাই দেওয়াল লিখন, খাটিয়া বৈঠক, বাড়ি বাড়ি প্রচার চোখেই পড়ত না। বরং দেওয়ালে লেখা থাকত মাওবাদীদের ভোট বয়কটের ডাক। তাই এইরকম খাটিয়া বৈঠক না হলেও রাতের বেলা লন্ঠন হাতে চলত বিপ্লবের পাঠ। গণ আদালতে শাস্তির নিদান। ঝাড়খণ্ড লাগোয়া হওয়ায় অতীতের এই মাও মুক্তাঞ্চল ২০১৩ সালের পঞ্চায়েতেও ছিল আতঙ্ক। কিন্তু এখন আর সেই ছবি নেই। সব দলই অবাধে করছে প্রচার।

[অ্যাম্বুল্যান্সে ‘অসুস্থ’ প্রার্থী নাকি অন্য কেউ? হামলা এড়াতে নয়া রণনীতি বিজেপির]

এদিনের খাটিয়া বৈঠক থেকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা এই আসন থেকে সমিতির প্রার্থী প্রতুল মাহাতো কর্মীদের কে মনে করিয়ে দেন শুধু সরকারি প্রকল্পগুলির কথা সাধারন মানুষের ঘরে গিয়ে তার সুবিধা তুলে ধরলেই কাজ হয়ে যাবে। তাই প্রার্থী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গলমহলে উন্নয়ন করেছেন তাতে আমাদের আর কষ্ট করে ভোট চাইতে হবে না। শুধু সরকারি প্রকল্পের সুবিধাটুকু মানুষের ঘরে–ঘরে গিয়ে মনে করিয়ে দিলেই হল।” তবে এদিনের খাটিয়া বৈঠকে যেমন প্রচারের কৌশল বাতলেছেন দলীয় প্রার্থী তেমনই কিভাবে তাদের সকল ভোটার কে বুথমুখী করানো যায় সেই কথাও কর্মীদের কাছে তুলে ধরেন। এদিনের এই খাটিয়া বৈঠকে ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রার্থী গণেশ মাহাতোও।

ছবি- অমিত সিং দেও

[ছেলের স্বপ্ন সফলে প্রতিবাদী সৌরভ চৌধুরির মা পঞ্চায়েতে প্রার্থী]

The post খাটিয়া বৈঠক দিয়ে জঙ্গলমহলে ভোট প্রচার শুরু তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার