shono
Advertisement

Breaking News

Sourav Ganguly

জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ

সুনীল গাভাসকর, কপিল দেব এবং শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন ‘দাদা’।
Published By: Prasenjit DuttaPosted: 05:37 PM Jul 08, 2026Updated: 06:12 PM Jul 08, 2026

চুয়ান্নোয় পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর এবারের জন্মদিনে তাঁর কাছে বিশেষ। উপহারের পর উপহার পাচ্ছেন তিনি। প্রথমে তাঁর জীবনীচিত্র মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়েছে এদিন। ২০২৭ সালের ১৪ মে লেখা রয়েছে মুক্তির তারিখ। এবার আইসিসির কাছ থেকেও পেলেন আর-এক উপহার।

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন আইসিসি তাঁকে সুখবর দিয়েছে। এবার তিনি জায়গা পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে। সৌরভ যাকে জন্মদিনের সেরা উপহার বলেই মনে করছেন। এর ফলে সুনীল গাভাসকর, কপিল দেব এবং শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন ‘দাদা’। জানা গিয়েছে, আইসিসির তরফে সৌরভকে ইতিমধ্যেই এই সম্মানের কথা জানানো হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ১১ জুলাই।

সৌরভের অন্তর্ভুক্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা দাঁড়াবে ১২। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিতে এই সম্মান দেওয়া হচ্ছে। শূন্য দশকের গোড়ার দিকে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট। সেই সময় অধিনায়কের দায়িত্ব নিয়ে ‘মেন ইন ব্লু’ গড়ে তোলেন সৌরভ। তরুণ ক্রিকেটারদের নিয়ে সাফল্যও পান।

সৌরভের নেতৃত্বে ২০০১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টে ২৭৪ রানে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন মিথে পরিণত। ২০০৩ সালের বিশ্বকাপেও সৌরভের নেতৃত্বে ভারত ফাইনালে ওঠে, যা ১৯৮৩ সালের পর দলের প্রথম বিশ্বকাপ ফাইনাল ছিল। ৪৯টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয় এনে দেন। তাঁর নেতৃত্বে ভারত বিদেশের মাটিতেও সফল ছিল। এর মধ্যে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল টিম ইন্ডিয়া।

আইসিসি হল অফ ফেমে ভারতীয় ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা

  1. বিষেণ সিং বেদি (২০০৯)
  2. সুনীল গাভাসকর (২০০৯)
  3. কপিল দেব (২০১০)
  4. অনিল কুম্বলে (২০১৫)
  5. রাহুল দ্রাবিড় (২০১৮)
  6. শচীন তেণ্ডুলকর (২০১৯)
  7. ভিনু মানকড় (২০২১)
  8. ডায়ানা এডুলজি (২০২২)
  9. বীরেন্দ্র শেহওয়াগ (২০২৩)
  10. নীতু ডেভিড (২০২৪)
  11. এমএস ধোনি (২০২৫)

আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ১৮ হাজারের বেশি রান রয়েছে সৌরভের। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটেই ১১,৩৬৩ রান। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর চতুর্থ সর্বোচ্চ। বর্তমানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাঁর আমলেই সৌরভের নাম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে সিলমোহর পড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement