shono
Advertisement

Breaking News

Dum Dum Cantonment

দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?

মৃত যুবতীর নাম জয়া প্রামাণিক। বয়স আনুমানিক ৩২। দমদম ক্যান্টনমেন্টে সাউথ সুভাষ নগরে আদ্যা মা গলিতে একতলা বাড়িতে ঘরভাড়া নিয়ে থাকতেন। সঙ্গেই থাকত তিন বছরের পুত্রসন্তান।
Published By: Subhankar PatraPosted: 10:53 AM Aug 13, 2026Updated: 01:43 PM Aug 13, 2026

দমদম ক্যান্টনমেন্টে (Dum Dum Cantonment) হাড়হিম হত্যাকাণ্ড! বুধবার গভীর রাতে ভাড়া বাড়ির থেকে উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যুবতী পুত্র সন্তানকে নিয়ে একাই থাকতেন। তাঁর ঘরে আসা-যাওয়া ছিল এক যুবকের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম জয়া প্রামাণিক। বয়স আনুমানিক ৩২। দমদম ক্যান্টনমেন্টে সাউথ সুভাষনগরে আদ্যা মা গলিতে একতলা বাড়িতে ঘরভাড়া নিয়ে থাকতেন। সঙ্গেই থাকত তিন বছরের পুত্রসন্তান। জানা যাচ্ছে, যুবতী কর্মসূত্রে বিভিন্ন এলাকায় যেতেন। ছেলেকে রেখে যেতেন শ্যামবাজারে এক পরিচিতের বাড়িতে। ফেরার সময় তাকে নিয়ে আসতেন। বুধবার রাতে তাঁকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খবর নেন পরিচিতরা। ঘরেই যেতেই উদ্ধার হয় দেহ। খবর যায় দমদম থানায়।

স্থানীয়রা জানাচ্ছেন, স্বামীর থেকে আলাদা থাকা যুবতীর বাড়িতে আনাগোনা ছিল এক যুবকের। তাঁর সঙ্গে যুবতীর কী সম্পর্ক তা জানা যায়নি। পরকীয়া রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই খুন কি না সেই প্রশ্নও উঠছে। এদিকে খুনের পর বাড়ির সিসিটিভিও ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। দাবি,পরিচিত কেউ এই খুনের সঙ্গে যুক্ত। দমদম থানাদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে অনুমান। একজনকে আটক করার পাশাপাশি যুবতীর স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement