shono
Advertisement

আইপিএলের বাজির টাকা না পেয়ে বন্ধুকে কোপ

লিলুয়ার পর এবার মালদহ।
Posted: 02:18 PM Apr 24, 2017Updated: 08:49 AM Apr 24, 2017

বাবুল হক, মালদহ : আইপিএলে বাজি ধরাকে কেন্দ্র করে বন্ধুকে কোপাল বন্ধু। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে মালদহের ইংলিশবাজারের মিল্কি গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। সেই ম্যাচকে ঘিরে টাকা বাজি ধরেছিল তিন বন্ধু। কলকাতার আইপিএল দলের জয়ের পরই টাকা আদায় নিয়ে ঝামেলা শুরু হয়। এরপরই দুই বন্ধু ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তাদেরই এক বন্ধুকে। ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পলাতক।

Advertisement

[পরীক্ষায় ডাহা ফেল! সেনা ক্যান্টিন ফেরাচ্ছে পতঞ্জলির আমলা জুস]

পুলিশ জানিয়েছে, সফিকুল শেখ ও তার দুই বন্ধু মাসুদ শেখ, আন্নু শেখ রবিবার স্থানীয় একটি চায়ের দোকানে বসে আইপিএল ম্যাচ দেখছিল। এই ম্যাচ ঘিরে তারা ২ হাজার টাকা বাজিও ধরে। খেলার শেষে দেখা যায় সফিকুল বাজিতে হেরে গিয়েছে। এরপরই মাসুদ ও আন্নুর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই ঘোরালো হতে থাকে। অভিযোগ, এরপরই মাসুদ ও আন্নু সামনে রাখা ধারালো অস্ত্র নিয়ে সফিকুলের উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি তাকে কোপাতে শুরু করে।

[চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী…]

চায়ের দোকানেই লুটিয়ে পড়ে সফিকুলের রক্তাক্ত দেহ। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে মাসুদ ও আন্নু পালিয়ে যায়। চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার মানুষ। তারাই সফিকুলকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম যুবক এখনও বিপদমুক্ত নয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারও এই আইপিএলে বাজি ধরা নিয়ে খুন হতে হয় লিলুয়ার এক কিশোরকে। অভিযোগ ওঠে, বাজি ধরা ২৫০ টাকা দিতে না পারায় বন্ধুদের হাতে খুন হতে হয় সোনু পাসোয়ান নামে ওই কিশোরকে। একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। সেই একই অপরাধের ছায়া এবার উত্তরবঙ্গেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement