রঞ্জন মহাপাত্র, কাঁথি: কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় যুবক। আর সেই আক্রোশেই যুবককে রাতভর মারধরের পর তার গায়ে পেট্রল ছিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিকার পরিবার। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার খাঁনজাতাপুর গ্রামে। মৃত যুবকটির নাম রঞ্জিত মণ্ডল। শনিবার ভোর রাতে ছেলেটিকে দাউদাউ করে আগুনে পুড়তে থাকার খবর পেয়ে ছুটে আসে ভূপতিনগর থানার পুলিশ। এরপর জল ছিটিয়ে আগুন নেভানোর পর তাঁর আধপোড়া দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় প্রেমিক-সহ তাঁর পরিবারের মোট ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
[মাধ্যমিক থেকে শিক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে কড়া সংসদ]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগর দক্ষিণ বায়েনদা গ্রামের বাসিন্দা রঞ্জিতের মা দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। তারপর তাঁর বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর থেকেই রঞ্জিত খাঁনজাতাপুরে তাঁর মামাবাড়িতে এসে ওঠেন। ইতিমধ্যেই মামাবাড়ির সামান্য দূরে থাকা কলেজছাত্রীর সঙ্গে আলাপ হয় রঞ্জিতের। সেই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণতি পায়। বেশ কয়েক বছর ধরে সবার চোখের আড়ালেই চলতে থাকে তাঁদের মেলামেশা। বর্তমানে মেয়েটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আর ছেলেটি দিল্লিতে স্বর্ণকারের কাজ করে। দিন চারেক আগে দিল্লি থেকে মামার বাড়িতে ফেরেন তিনি। শুক্রবার রাতে মেয়েটি তাঁকে ফোন করে দেখা করতে বলে। রাতে খাওয়াদাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ার পর রঞ্জিত তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, সেই সময় তাঁদের দুজনকে হাতেনাতে ধরে ফেলে মেয়েটির পরিবার। শুরু হয় গণধোলাই। ধীরে ধীরে ছেলেটি নিস্তেজ হয়ে পড়লে তাঁকে টেনে পাশের ঝোপের কাছে নিয়ে গিয়ে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
[‘ভারত যুদ্ধে গেলে চুপ থাকব না’, পাক হ্যাকারদের নিশানায় কলেজের ওয়েবসাইট]
ঘটনাটি জানতে পেরেই স্থানীয়রা ভূপতিনগর থানায় খবর দেন। পুলিশ এসে জল ছিটিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর আধপোড়া দেহটিকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে মেয়েটির পরিবারের ৬ জনকে আটক করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে এমন নৃশংস ঘটনা এলাকায় কোথাও ঘটেছে বলে মনে করতে পারছেন না তদন্তকারীরাও।
The post সম্মান রক্ষায় মেয়ের প্রেমিককে জীবন্ত পুড়িয়ে ‘খুন’, আটক প্রেমিকা-সহ ৬ appeared first on Sangbad Pratidin.
