বছর চারেকের বিশ্রামের পর আসমুদ্রহিমাচলকে কাঁপিয়ে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন শাহরুখ 'পাঠান' খান। এরপর 'জওয়ান' ছাপিয়ে গিয়েছিল আগের ছবিটিকেও। এখন পরবর্তী ছবি 'কিং' (King) মুক্তির অপেক্ষা। এই ছবি গিরে শাহরুখভক্তদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে তা বলার অপেক্ষাই রাখছে না। 'কিং'ই নাকি কিং খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট! তাই 'লার্জার দ্যান লাইফ' সব স্টান্ট করেছেন শাহরুখ! সময় যত এগিয়েছে 'কিং' সিনেমা ঘিরে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। তবে এমনটাও শোনা যাচ্ছিল সিনেমার মুক্তি পিছিয়ে যাচ্ছে। এবার জল্পনার মাঝে নীরবতা ভাঙলেন খোদ শাহরুখ (Shah Rukh Khan)।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল ছবিটির মুক্তি হয়ত পিছিয়ে যেতে পারে। তবে সুপারস্টার নিজেই সেই জল্পনায় জল ঢেলেছেন। হিন্দি ছবির দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, নির্দিষ্ট দিনে অর্থাৎ ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহের আলো দেখবে শাহরুখের 'কিং'। 'আস্ক মি এনিথিঙ্ক' সেশনে এক ভক্ত শাহরুখের কাছে এই গুঞ্জনের সত্যতা জানতে চান। তখনই বলিউডের বাদশা একেবারে বাদশাহী মেজাজে জানান, ছবি মুক্তির দিনক্ষণ অপরিবর্তিতই রয়েছে। ২৪ ডিসেম্বরই পর্দায় মুক্তি পাবে 'কিং'।
'কিং'-এর ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে শাহরুখের হাতে হাত দীপিকা
ওই ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, 'কিং নিয়ে কিছু আপডেট দিন। তিন বছর আগে সিনেমাহলে গিয়ে আপনার ছবি দেখেছি। ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?' অনুরাগীর প্রশ্নমের জবাবে শাহরুখ লেখেন, 'এবার তো পুরো ছবিটাই দেখুন। আপনাদের অপেক্ষায় রাখছি না। ভালো একটা ছবি তৈরি করছি যাতে মনটা তৃপ্ত হয়। সবকিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।' শাহরুখের এই উত্তরে স্পষ্ট হয়ে যায় নির্দিষ্ট দিনেই সিনেমাহল কাঁপাতে আসছেন কিং খান।
শাহরুখ খান
অপর এক অনুরাগী শুটিংয়ের সময় শাহরুখের চোট লাগার বিষয়টি নিয়ে কথা বলেন। কোনওরকম ভনিতা না করে শাহরুখের অকপট স্বীকারোক্তি, 'শুটিংয়ের সময় বেশ কয়েকবার চোট পাওয়ায় বারবার কাজ থামাতে হয়েছিল। তবে এখন সব চোট সেরে গিয়েছে। সিনেমার প্রায় পুরো কাজই শেষ। আপাতত সবকিছু পরিকল্পনামাফিক ঠিকঠাক চলছে।' ছবিতে কী কী চমক থাকছে সেই সম্পর্কিত এক ভক্তের প্রশ্নের শাহরুখ জানান, দর্শকদের বিনোদনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
কঠোর পরিশ্রম করে ছবিটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় অ্যাকশন, গান, আমার চুলের স্টাইল সবতেই নতুন চমক রয়েছে। 'ডাঙ্কি'র পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলার 'কিং'-এর মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন। এই ছবির অন্যতম চমক প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন-রানি মুখোপাধ্যায় জুটির ধামাকাদার কামব্যাক ঘটছে!
