সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই পিত্তথলিতে পাথর ধরা পড়ায় অস্ত্রোপচার হয়েছিল টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সদ্য হাসপাতাল থেকেও ফিরেছেন তিনি। আর এবার খবর, হাসপাতাল থেকে ফিরে ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। আর ফের অসুস্থ হওয়ার নেপথ্যে রয়েছে তাঁর মিনিয়েচার বানানোর শখ!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। চিকিৎসকরা ঋতাভরীকে একটানা বিশ্রাম নিতে বলেছিলেন। তবে ঋতাভরী কিছুটা হলেও ডাক্তারের কথা অমান্য করেছেন। হাসপাতাল থেকে ফিরেই মিনিয়েচার বানাতে বসেছিলেন, আর সেই থেকেই বিপত্তি শুরু।
[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]
ঋতাভরী জানিয়েছেন, ''মিনিয়েচার বানাতে বেশ তোড়জোড় লাগে। প্রচুর স্ট্রেস হয়। হাসপাতালে যাওয়ার আগে কিছুটা বানানো শুরু করেছিলাম। বাড়ি ফিরেই ওটা নিয়ে বসে গিয়েছিলাম। টানা দু’দিনের ধকল গিয়েছে শরীরের উপর। ব্যস, তার পর থেকেই আবার শরীর খারাপ।''
গত এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন ঋতাভরী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ সিনেমার শুটিং করার সময়ও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। মাথা ঘোরা, বমির মতো উপসর্গ ছিল। এমন অবস্থাতেই ‘বহুরূপী’র শুটিং শেষ করেন ঋতাভরী। গত ২৬ জুন নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন। তবে এখন সব ফেলে ফের বিশ্রামে অভিনেত্রী।
