shono
Advertisement
Aamir Khan

বিয়ের মাস ঘুরলেও 'লাভ জেহাদ' বিতর্কে খুনের হুমকি! নিরাপত্তা বাড়ল আমির খানের

'সনাতন ধর্মের অপমান সহ্য করব না', সলমনের পর আমির খানকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। তৃতীয় বিবাহ অভিযান নিয়ে বিপাকে মিস্টার পারফেকশনিস্ট।
Published By: Sandipta BhanjaPosted: 02:29 PM Aug 05, 2026Updated: 04:46 PM Aug 05, 2026

গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের মাস ঘুরলেও বিতর্কের মেঘ এখনও কাটেনি! ছাইচাপা আগুনের মতো জিইয়ে রয়েছে 'লাভ জেহাদ' বিতর্ক। তৃতীয়বার বিয়ে করে বিগত একমাস ধরে লাগাতার কটাক্ষ, সমালোচনার শিকার আমির খান (Aamir Khan)। এমনকী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকির মুখেও পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। খবর, সেই প্রেক্ষিতেই মহারাষ্ট্র প্রশাসনের তরফে অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হল।

Advertisement

বিয়ে বিতর্কের জেরে গত একমাসে মায়ানগরীর সেলেবপাড়ার কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানেও দেখা যায়নি অভিনেতাকে!

জুলাই মাসের গোড়ায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন আমির খান। তার পর থেকেই ষাটোর্ধ্ব সুপারস্টারের তৃতীয় বিবাহ অভিযান নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল! সরগরম হয় রাজনৈতিকমহলও। কেন বারবার হিন্দু নারীর সঙ্গেই বৈবাহিক সম্পর্ক? প্রশ্ন তুলে বলিউড অভিনেতার বিরুদ্ধে 'লাভ জেহাদ'-এর অভিযোগ এনেছিল বজরং দল। সেই বিতর্কযজ্ঞে ঘৃতাহূতি করে আক্রমণ শানিয়েছিলেন বিজেপি, শিব সেনার নেতারাও। এদিকে শরিয়াত আইন লঙ্ঘনের অভিযোগে মুসলিম পার্সোনাল দারুল ইফতার ফতোয়ার মুখেও পড়তে হয়েছে আমির খানকে। শুধু তাই নয়, আমিরের মাথার দাম ঘোষণা করেন অযোধ্যার ধর্মগুরুও। এমন আবহেই 'লাভ জেহাদ' প্রচারের অভিযোগে অভিনেতাকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই আমিরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল ঘনিষ্ঠমহল। এমনকী বিয়ে বিতর্কের জেরে গত একমাসে মায়ানগরীর সেলেবপাড়ার কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানেও দেখা যায়নি অভিনেতাকে! এবার বলিউড মাধ্যম সূত্রে জানা গেল, খুনের হুমকি পাওয়ার পর থেকেই আমির খানের নিরাপত্তা আটসাঁট করতে উদ্যত হয়েছে মহারাষ্ট্র প্রশাসন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (নগর) যোগেশ রামদাস কদম আগেই জানিয়েছিলেন যে, স্বতঃপ্রণোদিত হয়েই পুলিশ পদক্ষেপ করেছে। এবং প্রয়োজনে অভিনেতার বর্তমান নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করে তা আরও বাড়ানো হতে পারে। পাশাপাশি আমির খানের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

'লাভ জেহাদ' বিতর্কে আমির খানকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

“সনাতন ধর্মবিরোধী এধরনের কর্মকাণ্ড আমরা কিন্তু বরদাস্ত করব না। কারণ এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী। তাই আমির খান এবং ওঁর ঘনিষ্ঠদের উদ্দেশে বলছি- তৈরি থাকুন, খুব শিগগিরি…” 

আমির যদিও আগেই জানিয়েছিলেন যে, তাঁর আগের দুই স্ত্রী হিন্দু ধর্মাবলম্বী হলেও তৃতীয় স্ত্রী গৌরী আদতে খ্রিস্টান, তবে তাতেও বিতর্ক থামার নাম নেই। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিরুদ্ধে ওঠা লাভ জেহাদ ইস্যু ক্রমাগত দাবানলের আকার ধারণ করেছে। এমন আবহেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই আমির খানকে সতর্ক করে। সোশাল মিডিয়ায় এক অডিও বার্তায় (সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) বলা হয়, “আমির খানের মতো যারা আমাদের দেশে ‘লাভ জেহাদ’-এর প্রচার করছেন, তাদের সতর্ক করে দিই যে সনাতন ধর্মবিরোধী এধরণের কর্মকাণ্ড আমরা কিন্তু বরদাস্ত করব না। কারণ এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী। তাই আমির খান এবং ওঁর ঘনিষ্ঠদের উদ্দেশে বলছি- তৈরি থাকুন, খুব শিগগিরি এর ফল ভোগ করতে হবে। যেখানেই পাব, এমন শিক্ষা দেব যেটা ভবিষ্যতেও মনে রাখবে তাঁরা।” শুধু তাই নয়। সোশাল মিডিয়া পোস্টে ওই বিষ্ণোই সদস্যের দাবি, “আমরা আমাদের ভাইবোন ও সহনাগরিকদের কথা দিচ্ছি যে, যারা এধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে, তাদের উপযুক্ত জবাব আমরা আমাদের কায়দায় দেব। যারা তারকাখ্যাতির দোহাই দিয়ে লাভ জেহাদ উসকে দেয়, তাদের ঔদ্ধত্য ভেঙে চুরমার করব।”

‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ের পর বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় প্রথম বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। বজরং দলের সদস্যদের মুখে ‘আমির খান মুর্দাবাদ’, ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগানও শোনা যায়। বজরং দলের হুমকি, “এই ধরনের অপকর্ম যদি শীঘ্রই বন্ধ না করেন, তবে ওঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।” উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে প্রথম রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও অজ্ঞাতকারণে ডিভোর্সের পথে হাঁটেন। এবার ছাব্বিশ সালের জুলাইয়ে নিজের মুম্বইয়ের বাসভবনে গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেতা। দুই প্রাক্তন এবং আমিরের বর্তমান স্ত্রী সকলেই হিন্দু। আর সেই প্রেক্ষিতেই বিপাকে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement