রিলিজের পর থেকেই চর্চার শিরোনামে 'মুসাফির ক্যাফে'। সম্পর্কের জটিল ধাঁধা, বদলে যাওয়া সমীকরণের গল্পে যেমন দর্শকমহলের চোখ ভিজেছে, তেমনই প্রাক্তন-বর্তমানের নানা টানাপোড়েন বুকে চিনচিনে ব্যথা ধরিয়েছে। সোশাল পাড়াতেও সুপারহিট 'মুসাফির ক্যাফে'। দর্শকের এহেন অভূতপূর্ব সাড়াতেই এবার নেটফ্লিক্সের তরফে প্রকাশ্যে আনা হল সিরিজের নতুন মরশুমের প্রোমো। তবে দ্বিতীয় সিজনে থাকছে বড় টুইস্ট! কীরকম?
'মুসাফির ক্যাফে'র দৃশ্যে বিক্রান্ত ম্যাসি।
চন্দর ওরফে বিক্রান্ত ম্যাসিই ইঙ্গিত দিলেন 'মুসাফির ক্যাফে' সিজন ২-এর গল্প কীরকম হতে চলেছে? অভিনেতার ভাগ করে নেওয়া প্রোমোয় জ্বলজ্বল করে উঠল চন্দরের সঙ্গে সুধা ও প্রীতি সমীকরণ। ক্যাপশনে উল্লেখ, 'অসম্পূর্ণ প্রেমের গল্প সম্পূর্ণ করতে ফিরছে সিরিজের দ্বিতীয় মরশুম। পয়লা সিজনেই পরবর্তী মরশুমের ইঙ্গিত মিলেছিল। সিরিজের নতুন প্রোমোতেই তিন তারকা মহাচমক দিয়েছেন। মহিমা মাকওয়ানার কথায়, "আপনাদের এত ভালোবাসা পাওয়ার পর কি গল্পটা এখানেই শেষ করে দেওয়া যায়?" উত্তরে বেদিকা পিন্টো বলেন, "গল্প তো কখনো শেষ হয় না।" দুই নায়িকার কথোপকথনে যোগ দেন বিক্রান্ত ম্যাসিও। চন্দরের কথায়, "গল্প শুধু মাঝে মাঝে সাময়িক বিরতি নেয়!" 'মুসাফির ক্যাফে'র দ্বিতীয় মরশুমের খবর দিতে গিয়ে উচ্ছ্বসিত পরিচালক রুচির অরুণও। তাঁর কথায়, "অনুরাগীদের মতো আমিও এই চরিত্রগুলোকে বিদায় জানাতে প্রস্তুত ছিলাম না। দর্শকের এই ভালোবাসাই বলে দেয় যে, গল্পটা এই শুরু হল। যাঁরা প্রথম সিজনকে আপন করে নিয়েছিলেন, তাঁদের সকলের জন্য 'মুসাফির ক্যাফে' সিজন ২ ভালোবাসার বার্তা নিয়ে আসছে।"
‘মুসাফির ক্যাফে’ দেখিয়েছে এক বুক ভালোবাসা বন্ধন আজীবনের করতে পারে, তা বলা যায় না। দুটো মানুষের স্বপ্ন আলাদা হলে উথালপাতাল প্রেমেও ভাটা পড়ে। প্রতি মুহূর্তে যারা জুড়ে থাকতেন, তাঁদের পথও আলাদা হয়ে যায়। এক আকাশের নিচেই দুটো মানুষের দুটো আলাদা জগৎ তৈরি হয়। আসে নতুন সঙ্গীও। তবে মনের এক কোণে পুরনো মানুষটা থেকেই যায়। যে কোণে প্রবেশের অনুমতি পায় না কেউ। নতুন সিজনে চন্দরের জীবনে কোন মোড় আসে? এবার সেটাই দেখার অপেক্ষা।
