ছাব্বিশ বছর বাদে বাংলা সিনেমা প্রযোজনায় অনুপম খের। সেই সুবাদেই সম্প্রতি শহর তিলোত্তমায় পা রেখেছেন তিনি। আর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসেই শুক্রবার বেলা ১২টা নাগাদ পিডব্লুডি টেন্টে বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক। পাশাপাশি 'শুরু থেকে শুরু' ছবির আনুষ্ঠানিক ঘোষণায় আমন্ত্রণ জানিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়কেও। বলিউডের 'সিনিয়র' অভিনেতার ডাকে বিধায়ক-অভিনেত্রীও উপস্থিত হন অনুষ্ঠানে। সেখানেই রূপার সঙ্গে বার্তালাপে মাতেন অনুপম খের।
অনুষ্ঠানের মাঝে বিজেপির বিধায়ক তথা অভিনেত্রীর সঙ্গে ক্যামেরা পোজ দেওয়ার পাশাপাশি তাঁকে নিয়ে মন খুলে কথাও বলেন অনুপম খের। রাজনীতিতে নতুন ইনিংস শুরুর জন্য রূপা গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা বলেন, "কলকাতায় উনি আমার প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী।..."
'মহাভারত' ধারাবাহিকের সুবাদে দীর্ঘদিন মুম্বই নিবাসী ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই সুবাদেই হিন্দি বিনোদুনিয়ায় 'দ্রৌপদী' অত্যন্ত পরিচিত মুখ। রূপার অনুপম সাক্ষাতে যেন সেই স্মৃতিই ফিরে এল। অনুষ্ঠানের মাঝে বিজেপির বিধায়ক তথা অভিনেত্রীর সঙ্গে ক্যামেরা পোজ দেওয়ার পাশাপাশি তাঁকে নিয়ে মন খুলে কথাও বলেন অনুপম খের। রাজনীতিতে নতুন ইনিংস শুরুর জন্য রূপা গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা বলেন, "কলকাতায় উনি আমার প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী। আমি খুব খুশি যে রূপাজি বিধায়ক হয়েছেন। তবে এবার আমি বাংলা ছবি প্রযোজনা করতে শুরু করেছি। ওঁকে দু'বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে।" শুধু তাই নয়, কথোপকথনের মাঝে রূপার সঙ্গে রসিকতা করার সুযোগও হাতছাড়া করেননি তিনি। যে কথা শুনেই লজ্জায় কান ধরেন গেরুয়া শিবিরের তারকা বিধায়ক।
'শুরু থেকে শুরু' ছবির আনুষ্ঠানিক ঘোষণায় রূপা গঙ্গোপাধ্যায়, অনুপম খের
অনুষ্ঠানের মাঝে মজাচ্ছলে রূপাকে তিনি বলেন, "সকালবেলা আপনাকে মেসেজ করেছি, কিন্তু উত্তর পাইনি। ফোনও করলাম, আপনি ফোনও ধরেননি!" বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজকের মুখে একথা শুনে লজ্জায় পড়েন রূপা গঙ্গোপাধ্যায়। স্মিত হেসে তিনি জানতে চান কখন ফোন, মেসেজ করেছিলেন অনুপম? পালটা ফোন দেখিয়ে অভিনেতা প্রমাণ দিয়ে বলেন, "এই যে, আপনি ধরা পড়ে গিয়েছেন...।" সেসময়েই কান হাত দিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এদিকে দীর্ঘদিন বাদে বাংলা সিনেমায় মুম্বই থেকে বিনিয়োগ আসায় খুশি রূপা গঙ্গোপাধ্যায়ও।
