'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের সেটে শুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন আরাত্রিকা মাইতি। পুলিশ অফিসার 'উজি'র চরিত্রে টেলিদর্শকমহলকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই খাকি উর্দিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করতে হচ্ছে তাঁকে। আর সেরকমই এক মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘটল অঘটন! বেল্টের আঘাতে চোখে মারাত্মক চোট পেলেন আরাত্রিকা মাইতি।
"আচমকাই বেল্ট এসে লাগে চোখে। চোখ থেকে গাল পর্যন্ত ফুলে ঢোল...!"
শুটিং করতে গিয়ে তারকাদের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা নতুন নয়। তবে, দাপুটে 'উজি'র চোখে চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ অনুরাগীমহলে। জানা গিয়েছে, বাঁ দিকের চোখে গুরুতর আঘাত লেগেছে আরাত্রিকার। কীভাবে ঘটল এমন দুর্বিষহ কাণ্ড? অভিনেত্রী জানালেন, সেটের ফ্লোরে বেল্ট বাউন্স ব্যাক করে তাঁর চোখে এসে লাগে। আরাত্রিকার কথায়, "একটা ক্লোজ -আপ শটের মাঝে আচমকাই বেল্ট এসে লাগে চোখে। চোখ থেকে গাল পর্যন্ত ফুলে ঢোল হয়ে যায় তার জেরে। দু'দিন ধরে ভয়ানক ব্যথা। দাগও হয়েছে। যদিও আরও বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু বড়সড় ফাঁড়া থেকে বেঁচে গিয়েছি।" কেমন আছেন এখন?
'জোয়ার ভাঁটা' সিরিয়ালের সেটে কী কাণ্ড ঘটল দর্শকের প্রিয় 'উজি'র সঙ্গে?
অভিনেত্রী শ্রুতি দাস আরাত্রিকার বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়ে দ্রুত তাঁর পর্দার বোনের জন্য আরোগ্য কামনা করেছেন।
অনুরাগীদের আশ্বস্ত করে আরাত্রিকা মাইতি জানিয়েছেন, 'এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি। তবে পুরোপুরি সেরে উঠতে আরেকটু সময় লাগবে। সকলের ভালোবাসা, চিন্তা আর শুভকামনা আমার কাছে সত্যিই অনেক বড় পাওনা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, আর আমার জন্য একটু প্রার্থনা করবেন।' চোখ-গালের মাঝে যে দাগের সৃষ্টি হয়েছে চোটের জেরে সেটাও খুব শিগগিরি সেরে যাবে বলে আশাবাদী 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের 'উজি'। সহ-অভিনেত্রী শ্রুতি দাস আরাত্রিকার বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়ে দ্রুত তাঁর পর্দার বোনের জন্য আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি পর্দার দুই বোনের সম্পর্কে চিড় ধরা নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল, তবে সেসব নস্যাৎ করে দিয়ে দিব্যি বন্ধুত্ব বজায় রেখেছেন শ্রুতি-আরাত্রিকা।
