shono
Advertisement
Korpur Teaser

'৫০ কোটির শিক্ষা কেলেঙ্কারি, ষড়যন্ত্র আর অন্তর্ধান রহস্য', টিজারেই কৌতূহলের পারদ চড়াল 'কর্পূর'

নয়ের দশকে 'কর্পূর'-এর মতো উবে যাওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামকের অন্তর্ধান রহস্যের সমাধান কি হবে? উত্তর মিলবে আগামী মার্চে।
Published By: Sandipta BhanjaPosted: 08:56 PM Feb 23, 2026Updated: 08:58 PM Feb 23, 2026

অরিন্দম শীল পরিচালিত 'কর্পূর' ছবি ঘোষণার পর থেকেই উন্মাদনার পারদ চড়েছিল। নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি যে অনেক অজানা রহস্য উন্মোচন করবে, তেমন আভাস আগেই মিলেছিল। সোমবার রহস্য রোমাঞ্চের মোড়কে প্রকাশ্যে এল 'কর্পূর' পয়লা টিজার। যেখানে কোটি টাকার শিক্ষা দুর্নীতি থেকে রাজনৈতিক ষড়যন্ত্রে মৌসুমী নামে বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা নিয়মকের আচমকা উবে যাওয়ার ঘটনার ঝলক ফুটে উঠল।

Advertisement

'কর্পূর' ছবির পোস্টার

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম এখানে ‘মৌসুমী সেন’। সংশ্লিষ্ট চরিত্রে পয়লা ঝলকে নজর কাড়়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫০ কোটি টাকার শিক্ষা দুর্নীতির অভিযোগে কীভাবে মণীষা উবে গেলেন রাতারাতি? তিনি কি সিস্টেমের ষড়যন্ত্রের শিকার নাকি মান বাঁচাতে নিজেই সরে গিয়েছেন? এহেন প্রশ্ন তুলেই সোমবার মুক্তি পেল অরিন্দম শীলের 'কর্পূর' টিজার। ঝলকে মন্ত্রীর ভূমিকায় নজর কাড়়লেন সাহেব চট্টোপাধ্যায়। বামনেতার চরিত্রে অনবদ্য কুণাল ঘোষ। প্রায় এক মিনিটের টিজারে নজর কাড়ল নেতা-অভিনেতার সাবলীল অভিনয়। লালবাজারের ওসি হোমিসাইড-এর চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। নিউজ এডিটরের ভূমিকায় রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের ভূমিকায় দেখা গেল অর্পণ ঘোষাল এবং লহমা ভট্টাচাৰ্য। ‘মৌসুমী সেন’-এর মায়ের ভূমিকায় রুমকি চট্টোপাধ্যায়। এছাড়া সন্দীপ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ রয়েছেন। টিজারেই নির্মাতারা বুঝিয়ে দিলেন, দু'দশক বাদে ফিরছে ধামাচাপা পড়া এক সত্য ঘটনা। 'কর্পূর'-এর মতো উবে যাওয়া মৌসুমীর অন্তর্ধান রহস্যের সমাধান কি হবে? উত্তর মিলবে আগামী মার্চে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ি না ফেরার হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যার নানারকম থিওরি-রাজনৈতিক যোগ আছে। মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের নেপথ্যে কোন কারণ ছিল? তাঁকে কি খুন করে ফেলা হয়েছিল? খুন হলেও নেপথ্যে কোন উদ্দেশ্য কাজ করেছিল? বিপুল দুর্নীতি ধামাচাপা, নাকি শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন? কর্পূরের মত উবে গেলেন কীভাবে মনীষা? এবার সেসব প্রশ্নের উত্তর নিয়েই যে বড়পর্দায় অরিন্দম শীলের ‘কর্পূর’-এর আগমন ঘটবে, টিজারে তেমন আভাসই মিলল। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক স্টুডিওজ প্রযোজিত ‘কর্পূর’ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement