এক লহমায় ‘ধুরন্ধর’-এর গগনচুম্বী সাফল্য ম্লান! রণবীর সিংকে বলিউডে 'কোণঠাসা' করল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বিতর্কের সূত্রপাত শেষমুহূর্তে ‘ডন’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানো নিয়ে। আসলে ‘ধুরন্ধর’ সাফল্যের পর একেবারে শেষমুহূর্তে ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজককে শুটিং শুরুর ঠিক আগে নাকানি-চোবানি খাওয়ানোর জেরে সুপারস্টারের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া'। তাহলে কি ভবিষ্যতে বলিউডের কোনও সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে না? গত চব্বিশ ঘণ্টায় দর্শক, অনুরাগীমহলে উদ্বেগের অন্ত নেই। এবার সংশ্লিষ্ট ইস্যু নিয়ে মুখ খুললেন FWICE-এর মুখ্য উপদেষ্টা তথা সিনেনির্মাতা অশোক পণ্ডিত।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর নিষেধাজ্ঞায় রণবীর সিংকে এবার কোন মাশুল গুনতে হবে?
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর নিষেধাজ্ঞায় রণবীর সিংকে এবার কোন মাশুল গুনতে হবে? কৌতূহল সর্বত্র। ধোঁয়াশা সরিয়ে অশোক পণ্ডিত বললেন, "কাউকে চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ব্যান করার এক্তিয়ার আমাদের নেই। আর এই বিষয়টিকে 'ব্যান' না বলে 'অসহযোগিতা' বলা ভালো। কারণ ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন হিসেবে ফেডারেশনের কাউকে নিষিদ্ধ করার কোনও আইনি এক্তিয়ার নেই। দেখুন, আমরা তো আর আদালত নই, তাই কাউকে নিষিদ্ধ করতে পারি না! আমাদের সংগঠনের তরফে কেবল একটি 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করা হয়েছে। অর্থাৎ 'অসহযোগিতা' বলতে বোঝায়, আমাদের সংগঠনে সিনেইন্ডাস্ট্রির যে ৩০টি ভিন্ন কলাকুশলীদের শাখা রয়েছে এবং যাঁরা এই পরিবারের সদস্য তারা কেউই রণবীরের সঙ্গে কাজ করবেন না।" এখানেই শেষ নয়! সংগঠনের সদস্যদের উদ্দেশে FWICE-এর মুখ্য উপদেষ্টার সংযোজন, "যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ আপনারা রণবীর সিংয়ের কোনও প্রকল্পেই কাজ করবেন না। কারণ আমাদের মনে হয়েছে, শেষমুহূর্তে এরকম হঠাৎ করে কোনও সিনেমা থেকে সরে দাঁড়ানোর যে প্রবণতা শুরু হয়েছে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।"
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ফারহান আখতার প্রযোজিত তথা পরিচালিত ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে শাস্তির মুখে ফেলেছে সংশ্লিষ্ট সংগঠন। অর্থাৎ, ভবিষ্যতে রণবীরের কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। এমতাবস্থায় কী বলছেন রণবীর সিং?
বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! ছবি: সোশাল মিডিয়া।
এদিকে সোমবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর তরফে জানানো হয়, “আমাদের দৃঢ় বিশ্বাস, সমগ্র সিনেশিল্প একটি বৃহৎ পরিবারের মতোই কাজ করে। যেখানে বিভিন্ন কলাকুশলী ও বিভাগীয় কাজের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি একটি সফল প্রজেক্টের রূপায়ণে সম্মিলিতভাবে অবদান রাখেন। ফেডারেশন সকল শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং প্রতিটি বিভাগের সদস্যদের এক অখণ্ড পরিবারের অংশ হিসেবে গণ্য করে। যারা পারস্পরিক বিশ্বাস, পেশাগত অঙ্গীকার, শ্রদ্ধা এবং যৌথ দায়িত্ববোধ সূত্রে আবদ্ধ। তাই কোনও প্রজেক্ট থেকে শেষমুহূর্তে বড় তারকাদের হঠাৎ করে সরে দাঁড়ানো সিনেশিল্প তথা ফিল্ম ইন্ডাস্ট্রির বাস্তুতন্ত্রের জন্য এক গুরুতর হুমকি।” সেই মর্মেই অগ্রিম পারিশ্রমিক নিয়েও ফারহান আখতার প্রযোজিত তথা পরিচালিত ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে শাস্তির মুখে ফেলেছে সংশ্লিষ্ট সংগঠন। অর্থাৎ, ভবিষ্যতে রণবীরের কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। এমতাবস্থায় কী বলছেন রণবীর সিং?
অভিনেতার টিমের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, “সমূহ সিনেজগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে ভীষণ শ্রদ্ধা করেন রণবীর সিং। বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে, উনি খুব সচেতনভাবেই এক্ষেত্রে নীরবতা বজায় রেখেছেন। কারণ তাঁর বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কগুলো মর্যাদা, ম্যাচিওরিটি এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সামলানো উচিত। যদিও বিগত দিনগুলিতে সংশ্লিষ্ট ইস্যুতে নানা ধরনের বয়ান, জল্পনা-কল্পনা মাথাচাড়া দিয়েছিল, তবুও রণবীর কখনোই জনসমক্ষে এর জবাব দেওয়া কিংবা এসব গুঞ্জনের পালে হাওয়া দেওয়াকে জরুরি বলে মনে করেননি। রণবীর নিজের কাজ নিয়েই ব্যস্ত। আগামী দিনেও পেশাগত অঙ্গীকারগুলি বজায় রাখবেন। আন্তরিকভাবে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির নিদারুন সাফল্য কামনা করেছেন তিনি। । এহেন পরিস্থিতিতে সংযমী হওয়া ওঁর তরফে এক সচেতন সিদ্ধান্তই ছিল।” অতঃপর ‘ডন’ নিয়ে ফারহানের সঙ্গে আইনি ঝঞ্ঝাট কিংবা এহেন কাদা ছোড়াছুড়ি হলেও ‘ধুরন্ধর’ অভিনেতা যে সচেতনভাবেই ‘টুঁ’ শব্দটি করেননি, সেটা সাফ জানাল তাঁর টিম।
