বলিউড তারা সিংকে কোনওদিন ভুলবে না। 'গদর' ফ্র্যাঞ্চাইজির দুই ছবিতেই ওই চরিত্রে ধুন্ধুমার লাগিয়ে দিয়েছিলেন সানি দেওল। এবার 'বাটওয়ারা ১৯৪৭' ছবির ট্রেলারেও যেন উঁকি দিলেন সেই তারা সিং। জমজমাট ট্রেলারে দেশভাগকে প্রেক্ষাপটে আবারও এক জমকালো অ্যাকশন ছবির খোঁজ মিলল। ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছবিটি। ছবির নাম প্রথমে ছিল 'লাহোর ১৯৪৭'। পরে তা বদলে করা হয় 'বাটওয়ারা ১৯৪৭'।
আমির খান প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে সানি ছাড়াও রয়েছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, আলি ফজল, করণ দেওল, অভিমন্যু সিং প্রমুখ। এই ছবির মাধ্যমে পরিচালকের আসনে ফিরলেন রাজকুমার সন্তোষী। তাঁর সঙ্গে সানির 'পার্টনারশিপ' সকলেরই জানা। 'ঘায়েল' (১৯৯০), 'দামিনী' (১৯৯৩), 'ঘাতক' (১৯৯৬) সব ক'টিই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। নতুন ছবিটিকে ঘিরেও প্রত্যাশার পারদ অনেকটাই চড়ছে ট্রেলার মুক্তির পরে।
ট্রেলারে দেখানো হয়েছে, দেশভাগের পরে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বাধ্য হচ্ছে সিকান্দর মির্জা (সানি)। সঙ্গে স্ত্রী প্রীতি জিন্টা। নতুন বাড়িতে পৌঁছে দেখা যায়, সেখানে এখনও বাস করছেন এক হিন্দু বৃদ্ধা। যে চরিত্রে রয়েছেন শাবানা। তিনিই আসলে বাড়িটির আদি বাসিন্দা। সানি তাঁকে পরিবারের একজন হিসেবে মেনে নিলেও মুসলিম সমাজের মাতব্বররা বাধা দেয়। এই নিয়েই বাধে সংঘাত। ছবিজুড়ে সানির নানা অ্যাকশন সেট পিস থাকবে তা ট্রেলাই স্পষ্ট। দারুণ ভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারটি। কেবল অ্যাকশন নয়, ছবিতে রয়েছে জমজমাট সংলাপও। জানা গিয়েছে, এই কাহিনিটি প্রখ্যাত নাট্যকার আসগর ওয়াজাহাতের প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া ও জামিয়া এ নাই’ দ্বারা অনুপ্রাণিত। যেখানে দেশভাগের সহিংস পরিস্থিতির মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি, আত্মপরিচয় ও সহমর্মিতার বিষয়গুলি উঠে এসেছিল।
