গ্ল্যামার দুনিয়ার তারকারা নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখতে ব্যবহার করেন নামী ব্র্যান্ডের প্রোডাক্ট। ক্যামেরার সামনে পারফেক্ট লুক পেতে কোনও ত্রুটি রাখেন না অভিনেতা-অভিনেত্রীরা। শরীরচর্চা থেকে ত্বকচর্চা বাদ যা না কোনওটাই। যদিও সেসব সিক্রেট চার দেওয়ালের আড়ালেই রাখেন। কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটলেন গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা। ষাটোর্ধ্ব অভিনেতা আজও মঞ্চ কাঁপাতে ওস্তাদ। জেন জির সঙ্গে পাল্লা দিয়ে চলতেও স্বচ্ছন্দ। তাঁর এই নজরকাড়া উপস্থিতি আজও মুগ্ধ করে সিনেপ্রমীদের। অসাধারণ 'ডান্সার'-এর পাশাপাশি সুদর্শন নায়ক হিসেবেই সকলের কাছে পরিচিত গোবিন্দা। কিন্তু, জানেন এই সুপুরুষ নায়ক গোবিন্দার মাথায় চুলের বংশ নেই!
কথায় বলে, সুন্দর চুলই নাকি চেহারার সৌন্দর্য বহন করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাটে হাঁড়ি ভাঙলেন সুনীতা। তারকা স্বামী গোবিন্দার চুল নিয়ে কোন রহস্য ফাঁস করে দিলেন স্ত্রী? সুনীতা কখনই কোনও বিষয় নিয়ে খুব একটা রাখঢাক করে কথা বলেন না। তা সে ব্যক্তিগতজীবন হোক বা দাম্পত্য কলহ। এবারও তার ব্যতিক্রম হল না, বদলেছে শুধু আলোচনার বিষয়বস্তু। একটি ইউটিউবে চ্যানেলে সুনীতা আহুজা তাঁদের সম্পর্কের শুরুর দিনের স্মৃতি রোমন্থন করেন।
গোবিন্দার প্রতি অমোঘ আকর্ষণের স্বীকারোক্তি করতে গিয়ে বলেন, "যখন প্রেম করতাম তখন গোবিন্দাকে দারুণ লাগত। অত্যন্ত সুদর্শন বলে মনে হত। এখনও গোবিন্দকে দেখতে ভালো লাগে। তবে তখন ওঁর যে চুলটা ছিল সেটায় ওকে অনেক বেশি মার্জিত দেখাত। এখনও ওকে খুবই সুন্দর দেখতে লাগে। পার্থক্যটা হল তখন ওঁর নিজের চুল ছিল। এখন ও হেয়ার প্যাচ (পরচুলা) ব্যবহার করে।"
গোবিন্দার সিক্রেট ফাঁস করলেন সুনীতা
উপস্থাপক সুনীতার কথা শুনে একেবারে হেসে খুন। গোবিন্দাপত্নী যে স্পষ্টবাদী সেটা খুব ভালো করেই জানেন। তা বলে এই সিক্রেট প্রকাশ্যে বলে দেবেন সেটা আঁচ করতে পারেননি! সুনীতার যুক্তি, "হেয়ার প্যাচ ব্যবহার করা খুবই সাধারণ একটা বিষয়। লুকিয়ে রাখার বা ট্যাবু হিসেবে দেখার কোনও কারণ নেই। চলচ্চিত্র জগতের অনেক তারকাই ব্যবহার করেন। নারী পুরুষ নির্বিশেষে হেয়ার প্যাচ ব্যবহার করেন।" এরপর গোবিন্দের বহুমুখী প্রতিভার ভূয়সী প্রশংসা করে বলেন, “আমার স্বামী এক ও অনন্য। ইন্ডাস্ট্রিতে ওঁর মতো কেউ কখনও ছিল না আর ভবিষ্যতেও হবে না।”
