shono
Advertisement

Breaking News

শুটিং স্পট নিয়ে চলচ্চিত্র উৎসবে ‘হেরিটেজ টুর’, ঘোষণা রাজ্য সরকারের

৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। The post শুটিং স্পট নিয়ে চলচ্চিত্র উৎসবে ‘হেরিটেজ টুর’, ঘোষণা রাজ্য সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 AM Nov 02, 2019Updated: 10:22 AM Nov 02, 2019

স্টাফ রিপোর্টার: ‘বরফি’র হাত ধরে বলিউডি গ্ল্যামারে মাখামাখি হয়ে বিশ্বের দরবারে পৌঁছে ছিল শৈলসুন্দরী দার্জিলিং। প্রদীপ সরকারের ‘পরিণীতা’ ছবির কয়েকটি দৃশ্যে কলকাতার মনোরম পরিবেশ দেখতে পেয়েছিলেন সিনেমাপ্রেমীরা। কলকাতা চলচ্চিত্র উৎসবের হাত ধরে কলকাতা তথা বাংলাকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস শুরু হল। উৎসবের দিনগুলিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পরিচালক-প্রযোজকদের নিয়ে শহর কলকাতায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঐতিহ্যশালী ভবন বা এলাকাগুলিতে ‘হেরিটেজ টুর’ করানোর পরিকল্পনা নিয়েছে উৎসবের কর্মকর্তারা।

Advertisement

ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ, রাইটার্স বিল্ডিং থেকে প্রিন্সেপ ঘাট। মোদ্দা কথা বাংলার কৃষ্টিকে তুলে ধরার পাশাপাশি কলকাতাকে শুটিং স্পট হিসাবে তুলে ধরা হবে আন্তর্জাতিক দুনিয়ার কাছে। শুক্রবার চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে একথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। উৎসবের মুখ্য উপদেষ্টা অরূপবাবু বলেন, “বাংলায় প্রচুর শুটিং স্পট, আন্তর্জাতিক মানের স্টুডিও, অভিজ্ঞ টেকনিশিয়ান এবং শুটিং করার পরিকাঠামো রয়েছে। উৎসবের প্রাক্কালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের সামনে তুলে ধরা হবে।”

[ আরও পড়ুন: ডিসেম্বরেই ছাদনাতলায় জুন, কাকে বিয়ে করছেন অভিনেত্রী? ]

আগামী ৮ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। এ বছর উৎসবের রজত জয়ন্তী বর্ষ। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করার মুখ্যমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই প্রয়াস”। “চলতি বছর বিশ্বের ২৪টি দেশের ৫৬ জন পরিচালক-প্রযোজক, কলাকুশলীরা এই উৎসবে যোগদান করবেন। উৎসবের পাশাপাশি বাংলার বিভিন্ন স্থান তাঁদের সামনে তুলে ধরা হবে।” একথা বলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার। ছিলেন উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী। ছিলেন কোয়েল মল্লিক এবং উৎসবে স্বল্প দৈর্ঘ্য এবং তথ্যচিত্র বিভাগের চেয়ারম্যান পরমব্রত চট্টোপাধ্যায়।

এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ আলো করবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট। থাকবেন অস্কার-জয়ী জার্মান পরিচালক ফোলকার স্লোয়েনডর্ফ। এ বছরের ‘ফোকাস কান্ট্রি’ও জার্মানি। বিশেষ অতিথি হিসাবে থাকছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল। তিনি যে বিশেষ অতিথি হিসাবে থাকছেন তা শুধু নয়, কলকাতায় তাঁর একটি ‘মাস্টার ক্লাস’ আয়োজন করা হচ্ছে। মাস্টার ক্লাস নেবেন ফোলকার স্লোয়েনডর্ফও। রজত জয়ন্তী বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখা যাবে থ্রি ডি স্ক্রিনে। কলকাতা চলচ্চিত্র উৎসবে এমন উদ্যোগ প্রথম। ১৪ নভেম্বর শিশির মঞ্চে সারাদিন স্ক্রিনিং হবে অ্যানিমেশন ফিল্ম। উৎসব শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের গুপী গাইন ও বাঘা বাইন দিয়ে। সংরক্ষিত ডিজিটাল প্রিন্টটিই এবার দেখানো হবে।

[ আরও পড়ুন: বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগারওয়াল, পাত্র কে জানেন? ]

এ বছর ৭৬টি দেশের ২১৪টি ছবি প্রদর্শিত হবে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চলচ্চিত্রকে ৫১ লক্ষ টাকা ও শ্রেষ্ঠ নির্দেশককে ২১ লক্ষ টাকা এবং রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি দেওয়া হবে। সেরা ভারতীয় ছবিকে ‘হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এই বিভাগের শ্রেষ্ঠ নির্দেশক পাবেন পাঁচ লক্ষ টাকা এবং শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে সাত লক্ষ টাকা। উৎসবে প্রদর্শিত স্বল্প দৈর্ঘে্যর ছবি এবং তথ্যচিত্রও প্রতিযোগিতামূলক। এই দুই বিভাগে পুরস্কার অর্থ বাড়ানো হয়েছে। স্বল্প দৈর্ঘে্যর ছবি বিভাগের পুরস্কার মূল্য এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। সেরা তথ্যচিত্র পাবে তিন লক্ষ টাকার পুরস্কার। এবার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট ৯২টি শর্ট ফিল্ম ও ৫৭টি ডকুমেন্টারি। ১৭টি হলে চলবে সিনেমাগুলি। এবার ১৭টি সিনেমা হলে দেখানো হবে ছবি।

The post শুটিং স্পট নিয়ে চলচ্চিত্র উৎসবে ‘হেরিটেজ টুর’, ঘোষণা রাজ্য সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার