বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে পাখির চোখ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬। আর সেই লক্ষ্যে এবার দলের তারকা সদস্যদের রাজ্যে ভোট প্রচার যুদ্ধে শামিল করতে চাইছে বিজেপি। দলের তরফে ৪০ জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। যার মধ্যে রয়েছে হেমা মালিনী থেকে কঙ্গনা রানাউতের মতো রুপোলি দুনিয়ার সেলেবরা। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই। তার মাঝেই মঙ্গলবার কলকাতায় হাজির কঙ্গনা রানাউত।
সাবেক সাজে নজর কেড়েছেন অভিনেত্রী, কালীঘাটে পুজো দিয়ে বিজেপির কোনও হেভিওয়েট তারকার সঙ্গে রাজপথে ভোট প্রচারে সামিল হতে পারেন বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। পরনে কমলা রঙের চওড়া পাড়ের হালকা গোলাপী রঙের শাড়ি, গলায় বেশ ভারী গয়না। রাজবেশে মন্দিরে পা রাখেন কঙ্গনা। পুজো দেন নকুলেশ্বর ভৈরব মন্দিরেও।
কলকাতায় কঙ্গনা
তিনি বলেন, "মাকালীর ডাকে সাড়া দিতে কলকাতা চলে এলাম। আমি বরাবরই শক্তির উপাসক। দেশের মঙ্গল কামনায় পুজো দিলাম। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এই শহরের মেয়েদের যেন মাকালী রক্ষা করেন। মেয়েরা যেন ন্যায় বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপি যাতে ফল ভালো করতে পারে, সেই প্রার্থনাও করেছি।"
কলকাতায় কঙ্গনা
বাংলার ভোট হলেও প্রচারকদের তালিকায় সিংহভাগই দিল্লির নেতানেত্রী। তা নিয়ে আরও একবার সমালোচনায় বিদ্ধ গেরুয়া শিবির। রবিবার সন্ধ্যায় বিজেপির প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় স্বাভাবিকভাবেই একেবারে প্রথমেই রয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। ভোট ঘোষণার পর ইতিমধ্যে বাংলায় এসেছেন দু’জনেই। তারকা প্রচারক হিসাবে রয়েছেন মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজ।
রাজনৈতিক মহলে বিজেপির তারকা প্রচারকদের তালিকা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। কেউ কেউ বলছেন, বিজেপির তারকা প্রচারকের তালিকা দেখলেই স্পষ্ট বাংলায় সংগঠন ঠিক কতটা দুর্বল। আর সাংগঠনিক দুর্বলতা ঢাকতে প্রচারকের তালিকায় রয়েছেন সাত রাজ্যের মুখ্যমন্ত্রী, হেমা, কঙ্গনার মতো তারকা সাংসদরা।
ছাব্বিশের ভোটকে (West Bengal Assembly Election 2026) একেবারে ‘ডু অর ডাই’ ম্যাচের মতো দেখছে পদ্মশিবির। আর সে কারণেই যেন সর্বশক্তি দিয়ে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছে তারা। তবে প্রশ্ন উঠছে, তারকা প্রচারকের লম্বা তালিকা তৈরি হলেও বঙ্গ বিজেপি ব্রিগেড আদৌ ভোট লড়তে প্রস্তুত? অবশ্য এই উত্তর পাওয়া যাবে আগামী ৪ মে।
