shono
Advertisement
Rajganj

চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!

মাটির নিচে চোলাই ভাণ্ডার। মাটি খুঁড়তেই বেরিয়ে এল লিটার লিটার চোলাই মদ। হতবাক উপস্থিত আবগারি দপ্তরের আধিকারিক-সহ কর্মীরা।
Published By: Suhrid DasPosted: 02:21 PM Sep 04, 2026Updated: 03:23 PM Sep 04, 2026

মাটির নিচে চোলাই ভাণ্ডার। মাটি খুঁড়তেই বেরিয়ে এল লিটার লিটার চোলাই মদ। হতবাক উপস্থিত আবগারি দপ্তরের আধিকারিক-সহ কর্মীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের (Rajganj) সরস্বতীপুর চা বাগান ও সংলগ্ন জঙ্গল এলাকায় অতর্কিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে চোলাই মদ ও মদ তৈরির উপকরন বাজেয়াপ্ত করেন পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা। উদ্ধার হয় ১৩৫ লিটার চোলাই মদ ও ৩,৯২০ লিটার মদ তৈরি উপকরন। যার মূল্য ৮ লক্ষ ৫১ হজার টাকা।

Advertisement

চা বাগানের মাটি খুঁড়ে, জঙ্গলের ঝোপেঝাড়ে লুকিয়ে রাখা ছিল এই মদ ও মদ তৈরির উপকরণ। কারবারিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ ও আবগারি দপ্তর। এদিন সকালে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের গাজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা-বাগান ও জঙ্গল এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। জলপাইগুড়ি জেলা আবগারি দপ্তর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ, গাজলডোবা আউটপোস্টের পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ-এর সদস্যদের নিয়ে গঠিত যৌথ দল এই অভিযান চালায়।

জানা গিয়েছে, সরস্বতীপুর চা-বাগান ও সংলগ্ন জঙ্গল এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বেশ কিছু জায়গায় মাটি খুঁড়তেই চোলাই মদ তৈরির জন্য মাটির নিচে লুকিয়ে রাখা ফারমেন্টেড ওয়াশের সন্ধান মেলে। পাশাপাশি জঙ্গল ও বিভিন্ন গোপন জায়গায় মজুত করে রাখা চোলাই মদও উদ্ধার করেন অভিযানকারীরা। আবগারি দপ্তরের অভিযোগ, চা-বাগান ও জঙ্গল এলাকার আড়ালে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির প্রস্তুতি চলছিল। প্রশাসনের নজর এড়াতে মাটির নিচে এবং জঙ্গলের বিভিন্ন জায়গায় ফারমেন্টেড ওয়াশ ও চোলাই মদ লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় সেই সমস্ত মজুতের হদিশ মেলে।

উদ্ধারের পর নিয়ম মেনে ১৩৫ লিটার চোলাই মদ এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করে দেওয়া হয়। চোলাই মদ তৈরির সঙ্গে কারা জড়িত এবং এই কারবারের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ভক্তিনগর রেঞ্জের উপ-আবগারি কালেক্টর কে সিং বিদ্ধি। তিনি জানান, বেআইনি চোলাই ও মদের কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement