shono
Advertisement
Shilpa Shetty Raj Kundra

চাইলেই দেশ ছাড়তে পারবেন না রাজ-শিল্পা, ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারিতে জারি লুক আউট নোটিস

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ।
Published By: Sandipta BhanjaPosted: 04:04 PM Sep 05, 2025Updated: 04:04 PM Sep 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! গত আগস্ট মাসেই তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। তাঁর দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে' ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ তারকাদম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই এবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ।

Advertisement

শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তাঁর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ওই সংস্থায় তিনি ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। দীপকের অভিযোগ, ব্যবসায় বিনিয়োগের জন্য দেওয়া হলেও সেই টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ। আরও জানান, যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন, তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। দীপক জানিয়েছেন, তাঁর কাছে মোট ৭৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছিল। ১২ শতাংশ হারে সুদ পাওয়ার কথা ছিল তাঁর। করের বোঝা এড়াতে তিনি বিনিয়োগ হিসেবে ওই পরিমাণ টাকা সংস্থায় ঢালতে রাজি হয়েছিলেন। ঠিক হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।

প্রসঙ্গত, ধাপে ধাপে শিল্পা ও রাজের সংস্থায় বিনিয়োগ করেছিলেন দীপক। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি টাকা দেন তিনি। ওই বছরই সেপ্টেম্বর মাসে ফের কিছু টাকা দেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে দেন আরও ২৮.৫৪ কোটি টাকা। সবমিলিয়ে ৬০.৪৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ টাকা খরচ হয়। দীপকের দাবি, ব্যক্তিগত ভাবে তাঁকে টাকা ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন শিল্পা। যদিও সেই বছরের সেপ্টেম্বরেই সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীকালে তারকা দম্পতির সংস্থা দেউলিয়া ঘোষিত হয়। ওই সংস্থার বিরুদ্ধে মোট ১.২৮ কোটির মামলা দায়ের হয়। এর ফলে সর্বস্বান্ত হয়েছেন দীপকও। এই অবস্থায় আর্থিক প্রতরণার অভিযোগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই এবার রাজ-শিল্পার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। যার ফলে, এবার ইচ্ছে করলেই যখন-তখন দেশের বাইরে যেতে পারবেন না রাজ-শিল্পা। অনুমতি সাপেক্ষেই এবার থেকে বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত আগস্ট মাসেই তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী।
  • সংশ্লিষ্ট ইস্যুতেই এবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ।
  • এবার ইচ্ছে করলেই যখন-তখন দেশের বাইরে যেতে পারবেন না রাজ-শিল্পা।
Advertisement