২০২৫ সালে তাঁদের পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসেও 'ধূমকেতু' সুনামি আছড়ে পড়েছিল। সেসময়েই পর্দায় জুটির রোম্যান্স দেখতে না পেয়ে নতুন সিনেমার দাবি জানিয়েছিলেন অনুরাগীরা। তারপর নদীর জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে 'দেশু ৭'-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যে ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে পুজোর বক্স অফিস। এবার 'দেশু ৭' শুটিংয়ের শেষ দিনে 'ডিরেক্টর' দেবের উদ্দেশে মনকেমনের চিঠি লিখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
"তোমার ব্যক্তিত্বের এক নতুন দিক। সত্যি বলতে কী, শুরুতে আমার মনে খানিক ঈর্ষা উঁকি দিয়েছিল। কারণ পরিচালক হিসেবে তোমার যে স্বচ্ছ ধারণা ও সুনিপুণ পরিকল্পনা রয়েছে,..."
বাধ্য ছাত্রীর মতো দেবের থেকে শট বুঝে নিচ্ছেন শুভশ্রী।
বুধবার বহু প্রতীক্ষিত 'দেশু ৭'-এর শুটিং শেষ করলেন দেব। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সুপারস্টার সাংসদ। 'দেশু ৭'-এ একাধারে দেব যেমন প্রযোজনা-পরিচালনা সামলেছেন, তেমনই মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছেন। আর দেবের একই অঙ্গে এহেন 'বহুরূপ' দেখে মুগ্ধ শুভশ্রী। অতঃপর শুটিংয়ের অন্তিম লগ্নে মনখোলা চিঠিতে দেবকে প্রশংসায় ভরিয়ে দিতেও ভুললেন না অভিনেত্রী। একসময়ে পরস্পরের প্রেমে ছিলেন 'পাগলু'! সেই 'পরাণ যায় জ্বলিয়া' পর্ব অতীত হলেও চিঠিতে নস্ট্যালজিয়া উসকে শুভশ্রী লিখেছেন, "প্রিয় দেব, আজ 'দেশু ৭'-এর শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম এই কথাগুলো শেয়ার করি। আমরা দু'জনেই মোটামুটি একই সময়ে আমাদের সফর শুরু করেছিলাম। তবে এবারের অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম ছিল। তোমার পরিচালিত প্রথম ছবির সঙ্গে যুক্ত থাকার সুবাদে তোমাকে এবং তোমার ভাবনাকে বাস্তব রূপ নিতে দেখলাম। আমার চোখে পড়ল- তোমার ব্যক্তিত্বের এক নতুন দিক। সত্যি বলতে কী, শুরুতে আমার মনে খানিক ঈর্ষা উঁকি দিয়েছিল। কারণ পরিচালক হিসেবে তোমার যে স্বচ্ছ ধারণা ও সুনিপুণ পরিকল্পনা রয়েছে, সেটা দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। মনে প্রশ্ন জেগেছিল- সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি দেব কখন চিত্রনাট্য, ছবি তৈরির এত খুঁটিনাটি কৌশল শিখে নিল? কীভাবে সবটা সামলে নিল ও? তবে সিনেমার কাজ যত এগিয়েছে, হিংসের বদলে আমি ক্রমশ তোমার থেকে অনুপ্রাণিত হয়েছি। তোমার সঙ্গে এই ছবির অংশ হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে।" শুধু তাই নয়, 'ডিরেক্টর' দেবকে নিয়েও বড় ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন শুভশ্রী।
"আমাদের সিনেইন্ডাস্ট্রি এই প্রজন্মের এমন একজন পরিচালককে পাবে, যে চমৎকার সব গল্পের মাধ্যমে দর্শককে মুগ্ধ করবে। তোমার জন্য..."
'দেশু ৭' সিনেমার ঝলক ফাঁস হতেই সরগরম নেটভুবন।
ভক্তদের 'লেডি সুপারস্টারে'র কথায়, "মন থেকে বিশ্বাস করি, 'দেশু ৭' মুক্তি পাওয়ার পর আমাদের সিনেইন্ডাস্ট্রি এই প্রজন্মের এমন একজন পরিচালককে পাবে, যে চমৎকার সব গল্পের মাধ্যমে দর্শককে মুগ্ধ করবে। তোমার জন্য গর্ববোধ হচ্ছে, দেব। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের সব কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি নিশ্চয়ই বাজিমাত করবে।" সেট থেকে পরিচালক দেবের মন্তব্য, 'প্রথম ছবির শুটিংয়ের শেষ দিন। স্বপ্ন সফরে বাস্তবায়িত হল। চিরকালের জন্য কৃতজ্ঞ।'
ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি 'তুরুপের তাস' হতে চলেছে, সেটা বছরের দ্বিতীয় দিনে ঘোষণার পর থেকে অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদই বলে দেয়। রোম্যান্টিক অবতার তো বটেই, তবে কেমন চরিত্রে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে? দেখার জন্য চাতক পাখির দশা হয়েছিল ভক্তদের। জল্পনার অবসান ঘটিয়ে সেট থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানেই 'ডিরেক্টর' মেজাজে দেখা গেল দেবকে। সেসব ক্যামেরাবন্দি মুহূর্তে ধরা পড়ল পরিচালক দেবের থেকে কীভাবে বাধ্য ছাত্রীর মতো শট বুঝে নিচ্ছেন নায়িকা। যা দেখে অনুরাগীরা বলছেন- তর যে আর সইছে না!
