shono
Advertisement
Ritabhari Chakborty

দিদি চিত্রাঙ্গদার বেবিবাম্পে আদুরে আলিঙ্গন, আনন্দে আত্মহারা হবু মাসি ঋতাভরী

কবে ভূমিষ্ঠ হবে সন্তান, সে দিনক্ষণ এখনও জানা যায়নি। আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত অভিনেত্রী।
Published By: Sayani SenPosted: 12:20 PM Mar 09, 2026Updated: 12:21 PM Mar 09, 2026

প্রেমিকা, স্ত্রীর পর এবার মাতৃত্ব। জীবনের নতুন অধ্য়ায় শুরু করতে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা। তাঁর সাধভক্ষণ অনুষ্ঠানে আবেগাপ্লুত বোন ঋতাভরী। দিদিকে দিলেন 'সোনা মা' এবং বাবাকে 'ভালো বাবা'র তকমা।

Advertisement

‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। তাঁর হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বহু বিখ্যাত শিল্পীকে সঙ্গত দিয়েছেন সম্বিত। ঘরোয়া অনুষ্ঠানে গত ২০২১ সালে বাগদান পর্ব সারেন তাঁরা। এবার দুই থেকে তিন হতে চলেছেন দু'জনে। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল ফিসফিসানি। দিনদুয়েক আগে অবশ্য নিজেই জল্পনায় সিলমোহর দেন চিত্রাঙ্গদা। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বেবিবাম্প দেখানো সাহসি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

সম্ভবত বেবিমুনের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। নিজে যদিও সে বিষয়টি খোলসা করেননি।

এবার পালা সাধভক্ষণের। এলাহি আয়োজন করা হয়। ইনস্টা স্টোরিতে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন চিত্রাঙ্গদা।

অভিনেত্রীর পরনে গোলাপি শাড়ি। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। হালকা গয়না। হালকা সাজেও যেন অনন্যা তিনি। মুখে হাসির ঝিলিক। আর শরীর জুড়ে মাতৃত্বের আভার ঝলক। গাঁদার পাপড়ি দিয়ে সাজানো থালায় সাধভক্ষণ করেন ঋতাভরীর দিদি। কী ছিল না মেনুতে। পাঁচ রকমের ভাজা, ডাল, শুক্তো, মাছ, মিষ্টি - আদ্যোপান্ত বাঙালি মেনু ছিল অনুষ্ঠানে।

দিদি চিত্রাঙ্গদার জীবনের বিশেষ মুহূর্তে আনন্দে আত্মহারা ঋতাভরী। দিদির বেবিবাম্পে আদুরে আলিঙ্গন করেন তিনি। সে ছবি দেখে মুগ্ধ নেটপাড়া।

দিদির সাধের অনুষ্ঠানে হলুদ শিফন শাড়িতে সেজেছিলেন ঋতাভরী। জুনিয়র ভূমিষ্ঠ হওয়ার আগেই দিদিকে 'সোনা মা' এবং জামাইবাবুকে 'ভালো বাবা' বলে তকমা দিয়েছেন হবু মাসি ঋতাভরী।

টলিপাড়ায় অনেককেই দেখা যায় চিত্রাঙ্গদার আনন্দের মুহূর্তের সঙ্গী হতে। কবে ভূমিষ্ঠ হবে সন্তান, সে দিনক্ষণ এখনও জানা যায়নি। আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত অভিনেত্রী। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement