পরনে উজ্জ্বল নীল শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর, শাঁখা-পলা, গা ভর্তি গয়নায় অভিনেত্রী পিয়ান সরকার। সাধভক্ষণের অনুষ্ঠানে ঠিক এভাবেই সাবেক সাজে নিজেকে সাজিয়েছিলেন হবু মা। আর তাঁকে পরম যত্নে আদরে সোহাগে মুড়িয়ে রেখেছেন পরিচালক রাজা চন্দ। নিজের হাতে প্রিয়তমাকে খাইয়ে দিচ্ছেন হবু বাবা। বেবি বাম্প আগলে নানান ভঙ্গিতে ক্যামেরাবন্দি টলিউডের এই তারকা দম্পতি। সাধভক্ষণের অনুষ্ঠানে ভালোবাসার মানুষের জন্য রাজ চন্দর 'রাজকীয়' আয়োজন!
ফুলের বৃত্তে কাঁসার থালা বাটিতে সাজানো পঞ্চব্যঞ্জন। এলাহি আয়োজনে নিঃসন্দেহে চোখ আটকে যাবে, তা বললে অত্যুক্তি হবে না। এক ঝলকে দেখে নেওয়া যাক, পিয়ান সরকারের সাধভক্ষণের মেনুতে কী ছিল? সাদা ভাত, ঘি, লেবু, নুন, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা থেকে শুক্তো, মোচার ঘন্ট, পটলের দোলমা, এঁচোড়ের তরকারি, মাছসহ চাটনি, পায়েস, মিষ্টি আরও কত কী!
এই ছবি থেকে স্পষ্ট খুব শীঘ্রই পরিবারে নতুন অতিথির পদধূলি পড়তে চলেছে। আর সেই অপেক্ষাতেই দিন গুনছেন হবু বাবা-মা রাজা চন্দ ও পিয়ান সরকার। সাধভক্ষণের ছবি পোস্ট করে যুগলে লিখেছেন, 'আশীর্বাদের অপেক্ষায়।' জীবনের এই বিশেষ দিন উদযাপনের মাঝে মাতৃত্বকালীন ফটোশুটেও মাত দিয়েছেন পিয়ান, দোসর রাজা চন্দ।
দুচোখে সাজানো রঙিন স্বপ্নের মতোই প্রতিটি ছবিতে রাজা-পিয়ানের সোনা ঝরা হাসি বিদ্যমান। কখনও রোদচশমায় তো কখনও আবার সাদা-কালো ফ্রেমে বন্দি ইন্ডাস্ট্রির এই 'পাওয়ার কাপল'। রাজা-পিয়ানের আদুরে মুহূর্তের ছবি ভাগ করতেই ভালোবাসায়-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সিনেপাড়ার সতীর্থ থেকে ভক্তরা।
রাজা চন্দর জন্মদিনেই শেয়ার করেছিলেন সুখবর তার আগে অত্যন্ত ব্যক্তিগত পরিসরেই তাঁরা এই সুখবর আগলে রেখেছিলেন। ঘনিষ্ঠমহল ব্যতীত প্রায় কেউই টেলি-অভিনেত্রীর মা হওয়ার বিষয়টি টের পাননি। তবে পরিচালক স্বামীর জন্মদিনের আবহে আর রাখঢাক করেননি। সংসারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তারকাদম্পতি জানিয়েছিলেন, 'আমরা এতটাই এক্সাইটেড যে এই আনন্দঘন মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারব না। পরিপূর্ণ অনুভব করছি।'
