shono
Advertisement
Devdas

মদ্যপানের প্রচার ছাড়া কিছুই নয়! শরৎচন্দ্রের 'দেবদাস' নিয়ে টিপ্পনি, পাক অভিনেত্রীর মন্তব্যে রেগে কাঁই নেটপাড়া

অভিনেত্রীর মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বেশি সময় লাগেনি। আর তা শুনে রে রে করে উঠেছেন নেটিজেনরা।
Published By: Sayani SenPosted: 02:04 PM May 17, 2026Updated: 02:04 PM May 17, 2026

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'দেবদাস' ছবি তৈরি হয়েছে বারবার। কখনও বাংলা আবার কখনও হিন্দি ভাষায় তৈরি হয়েছে ছবিটি। বলিউডে সঞ্জয় লীলা বনশালি 'দেবদাস' তৈরি করেন। শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত অভিনীত ছবিটি সেই সময় দর্শকমহলে সাড়া ফেলেছে। ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। কালজয়ী ছবির তালিকায় নাম লিখিয়েছে ভারতীয় ছবিটি। অথচ ইউটিউব চ্যানেলে সেই ছবিরই নিন্দা। নেটপাড়ায় জোর কটাক্ষের শিকার পাক অভিনেত্রী দানানীর মোবিন।

Advertisement

পাক অভিনেত্রী বলেন, "কী গল্প এটা? একজন মদ্যপ। একজন মহিলা যাঁর কোনও আত্মসম্মান নেই। একজন বাবা (তারপরই শোনা গিয়েছে বিপ শব্দ) এবং আরও একজন মহিলা যিনি একজন পুরুষের নিয়ন্ত্রণাধীন...কী ঘটছে এটা এবং কেন এটি কালজয়ী? কেন এটাকে সকলে এত ভালো বলবে? শুটিং সেট, জৌলুস, পোশাক রয়েছে। তবে গল্প? কেন আমরা মদ্যপানকে মহিমান্বিত করব?"

অভিনেত্রীর মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বেশি সময় লাগেনি। আর তা শুনে রে রে করে উঠেছেন নেটিজেনরা। একজন বলেন, "দেবদাসে মদ্যপানকে মহিমান্বিত করা হয়নি। সঞ্জয়লীলা বনশালির ছবির সেট থেকে সাজগোজ হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে। তবে একটি উপন্যাস হিসাবে মোটেও তা নয়।" আরেকজন বলেন, "আপনি গল্পটি মনে হয় বুঝতেই পারেননি। যদি সত্যি দেবদাসকে মহিমান্বিত করা হত তবে পার্বতীর সঙ্গে তাঁর মিল দেখানো হত। তারপর তাঁরা সুখে সংসার করতেন।" নেটিজেনদের একাংশের মতে, "এই উপান্যাসে আসলে সামাজিক শ্রেণি বিভাজন এবং ইগোর কঠিন ছবি তুলে ধরা হয়েছে। তা হয়তো পাক অভিনেত্রী বুঝতে পারেননি।" কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন অবিলম্বে অভিনেত্রীর চিকিৎসা প্রয়োজন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement