বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের পায়ের তোলার মাটি শক্ত করেছেন। এমনকী বিদেশের মাটিতেই পেতেছেন সংসার। তিনি আর কেউ নন, বলি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। পাকাপাকিভাবে বিদেশের বাসিন্দা হলেও ভুলে যাননি নিজের দেশের সংস্কৃতি। এবার সেই প্রিয়াঙ্কাই নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ? সম্প্রতি প্রিয়াঙ্কার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ভারতের ভুল ম্যাপ চোখে পড়ে দর্শকের। পড়ে যায় ছিছিক্কার। রীতিমতো নেটপাড়ায় এর জেরেই ট্রোলের শিকার বলিউডের 'পিগি চপস'। 'দায়িত্বজ্ঞানহীন' বলেও নায়িকার নিন্দায় মুখর হন এদেশের নেটিজেনরা।
সম্প্রতি ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাঁর আগামী দিনের পরিকল্পনা, বিদেশে তাঁর কেরিয়ার সব নিয়ে আলোচনায় মেতে উঠেছিলেন। এমনও সময় তাঁর ব্যাকগ্রাউন্ডে থাকা ভারতীয় ম্যাপে চোখ আটকায় পর্দার এপারে থাকা দর্শককুলের। আর সেখানেই দেখা যায় ভারতের ভুল মানচিত্র। যেখানে সঠিকভাবে দেশের সীমানা দেখানো হয়নি। বিশেষত জম্মু-কাশ্মীরের অংশটি যেভাবে ওই ভারতীয় মানচিত্রে ভুলভাবে দেখানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ সরাসরি নেটমাধ্যমে নায়িকার দিকে প্রশ্ন ছুড়েছেন, কীভাবে একজন ভারতীয় হওয়ার পরেও ভারতের এমন ভুল মানচিত্র নিয়ে সরব হননি প্রিয়াঙ্কা। কেউ আবার কটাক্ষ করেছেন এই বলে, বিশ্ব দরবারে যিনি ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি কীভাবে এই অবমাননা সহ্য করলেন? যদিও কেউ কেউ আবার প্রিয়াঙ্কার হয়ে গলা ফাটিয়েছেন। বলেছেন, 'উনি সাক্ষাৎকার দিতে গিয়েছেন। ভুল মানচিত্র ঠিক করতে নয়।'
সম্প্রতি ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাঁর আগামী দিনের পরিকল্পনা, বিদেশে তাঁর কেরিয়ার সব নিয়ে আলোচনায় মেতে উঠেছিলেন।
প্রিয়াঙ্কা চোপড়া, ছবি: সোশাল মিডিয়া।
এখনও অবধি এই কটাক্ষের মুখে এক্কেবারে 'স্পিকটি নট' প্রিয়াঙ্কা। এখনও এই নিয়ে মুখ খোলেননি তিনি। বলে রাখা ভালো, তারকাদের জীবনের হাঁড়ির খব জানার জন্য উন্মুখ হয়ে থাকেন আমজনতা। শুধু তাই নয়, পান থেকে চুন খসলে তা নিয়ে কম উত্তেজনাও হয় না। এবারও যে তার ব্যতিক্রম নয় তা বলাই বাহুল্য। এবার এই ঘটনার শিকার প্রিয়াঙ্কা। বলে রাখা জরুরী, ভারতীয় সংস্কৃতিকে নিজের মধ্যে লালন করেন তিনি। এমনকী মেয়ে মালতীকেও সেই শিক্ষায় শিক্ষিত করেন প্রিয়াঙ্কা। সেই প্রমাণ মেলে মাঝে মাঝেই তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলে।
