'আলফা' গতিতে বাড়ছে কাপুর পরিবারের সম্পত্তির পরিমাণ! তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট দু'জনেরই কেরিয়ারের বৃহস্পতি তুঙ্গে, তা বলাই বাহুল্য। মুক্তির অপেক্ষায় রণবীরের বিগ বাজেটের ছবি 'রামায়ণ'। ঝুলিতে রয়েছে 'লাভ অ্যান্ড ওয়ার', সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমেল পার্ক'-সহ আরও কয়েকটি। অন্যদিকে একের পর এক ছবিতে কাজের প্রস্তাব পাচ্ছেন কাপুরবধূ আলিয়া ভাটও। কেরিয়ারের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখন স্বাভাবিকভাবেই পকেটও ফুলে ফেঁপে উঠেছে। আর ঠিক সেই কারণেই আরও একটি নতুন সম্পত্তি কিনে ফেললেন বলিউডের 'ব্যাড বয়' রণবীর কাপুর (Ranbir Kapoor)।
'সিআরই ম্যাটরিক্স' (CRE Matrix) মারফৎ প্রকাশ্যে এসেছে রণবীরের নতুন সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি। সেই তথ্য অনুযায়ী, পুণের মুলশি অঞ্চলের পিম্পরি গ্রামে ২৫.৭ একর জমি কিনেছেন কাপুরনন্দন। সম্পত্তির মূল্য ১৬.৪২ কোটি। গত ৩০ এপ্রিল হয়ে গিয়েছে জমির রেজিস্ট্রেশনও। জানা গিয়েছে, এক বা দুই নয়, একসঙ্গে চারটি জায়গা কিনেছেন রণবীর কাপুর।
রণবীর -আলিয়া
এক নজরে দেখে নেওয়া যাক কোন প্লটের মূল্য কত? প্রথম প্লটটির আয়তন ২১,৪০০ বর্গমিটার যার মূল্য ৩.৩১ কোটি টাকা। দ্বিতীয় প্লটটি ২৯,৯০০ বর্গমিটার এবং এর দাম ৪.৬২ কোটি টাকা। তৃতীয় ও সবচেয়ে বড় প্লটটির আয়তন ৪৩,৮০০ বর্গমিটার যা ৭.০৭ কোটি টাকায় কেনা হয়েছে। চতুর্থ প্লটটি ৮,৯০০ বর্গমিটার যার মূল্য ১.৩৯ কোটি টাকা।
নতুন জমি কিনলেন রণবীর
রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, চারটি প্লট মিলিয়ে মোট জমির পরিমাণ প্রায় ২৫.৭ একর। আর এই চুক্তির জন্য স্ট্যাম্প ডিউটির খরচ প্রায় ৮২.১৩ লক্ষ টাকা। উল্লেখ্য, রণবীর এই সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন পঁচিশ সালে। এর আগে অযোধ্যায় 'দ্য সরযূ'তে ২,১৩৪ বর্গফুটের একটি প্লট প্রায় ৩.৩১ কোটি টাকায় কিনেছিলেন।
রণবীর কাপুর
রাম ভূমিতে জমি কেনার পর পর্দার রাম তথা রণবীর কাপুর বলেছিলেন, "আমার বিশ্বাস অযোধ্যাই আমাকে বেছে নিয়েছে। আর আমি শুধু সেই আহ্বানে সাড়া দিয়েছি। অযোধ্যা আমাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।"
