"তেলেগু রাজ্য নতুন বউমা পেল। দয়া করে রশ্মিকার যত্ন নেবেন...", উদয়পুর থেকে নবপরিণীতা রশ্মিকা মন্দানাকে (Rashmika) নিজের তেলেঙ্গানার বাড়িতে নিয়ে এসেই সকলের উদ্দেশে বার্তা দিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay)। যে ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই দক্ষিণী তারকাকে দায়িত্বশীল, যত্নবান স্বামীর আখ্যা দিয়েছে ভক্তমহল। এবার রাজ্যের নতুন বউমাকে স্বাগত জানাতে বিজয়ের হায়দরাবাদের বাড়ি পৌঁছে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
"তেলেঙ্গানার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী রেবান্ত গারু আমাদের বাড়িতে এসে আমাদের আশীর্বাদ করে গিয়েছেন। ওঁর এহেন ভালোবাসায় এবং স্নেহের জন্য আমরা কৃতজ্ঞ।"
৪ মার্চ, গত বুধবার রাতে হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে বসেছিল বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনের আসর। যেখানে নজর কেড়েছিল দক্ষিণী বিনোদুনিয়ার তারকাদের ঝলমলে উপস্থিতি। হাজির ছিলেন আল্লু অর্জুন, চিরঞ্জীবি, সস্ত্রীক রামচরণ, নাগার্জুন, নাগা চৈতন্য, করণ জোহর থেকে কৃতি শ্যানন, নম্রতা শিরোদকর, রবি তেজাদের মতো সিনেদুনিয়ার অনেকে। দাক্ষিণাত্যভূমের নব্য বিবাহিত তারকাদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও। কিন্তু বুধবার রিসেপশনের অনুষ্ঠানে যোগ দিতে পারেনন রেবন্ত রেড্ডি। বিয়ের আগে সশরীরে গিয়ে বিজয়-রশ্মিকা তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষার্থেই বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে গিয়ে দেখা করে এলেন রেবন্ত।
বিজয়-রশ্মিকার বাড়িতে রেবন্ত রেড্ডি। ছবি- এক্স হ্যান্ডেল
খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা বিজয়ের বাসভবনে ফুলের তোড়া, উপহার নিয়ে পৌঁছে গিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেখানে নবদম্পতির সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তিনি। বউমা রশ্মিকা মন্দানাকে আশীর্বাদ করে তাঁর হাতে উপহারও তুলে দেন রেবন্ত রেড্ডি। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন সাক্ষাতের মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছেন বিজয়। পাশাপাশি রেবন্তকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। এক্স হ্যান্ডেলে রেবন্ত রেড্ডির সঙ্গে সপরিবারে সাক্ষাতের ছবি শেয়ার করে দক্ষিণী তারকা লিখেছেন, "তেলেঙ্গানার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী রেবান্ত গারু আমাদের বাড়িতে এসে আমাদের আশীর্বাদ করে গিয়েছেন। ওঁর এহেন ভালোবাসায় এবং স্নেহের জন্য আমরা কৃতজ্ঞ।" সেই পোস্ট শেয়ার করে রেবন্তকে ধন্যবাদ জানিয়েছেন রশ্মিকা মন্দানাও। তেলেঙ্গানার নবপরিণীতা বউমার মন্তব্য, "আমরা সত্যিই কৃতজ্ঞ। আশীর্বাদ করার জন্য অসংখ্য ধন্যবাদ।"
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। গত একসপ্তাহ ধরে দক্ষিণাত্যভূমের তারকাদম্পতির স্বপ্নের বিয়ের রেশে ডুবে রয়েছে গোটা দেশ। বিয়ের পর ‘সংস্কারী’ নবদম্পতির দান-ধ্যান এবং আচার-অনুষ্ঠান পালনের রীতিতে মুগ্ধ অনুরাগীমহল। এবার রশ্মিকা মন্দানার শ্বশুরবাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন রেবন্ত রেড্ডি।
