সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বিতর্ক আর এবার একেবারেই আইনি নোটিস। মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়ে এবার নতুন বিপাকে পড়লেন জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায়। হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগে আঘাত আনার অভিযোগে সব্যসাচীকে আইনি নোটিস পাঠালেন আইনজীবী আশুতোষ জে দুবে। আইনজীবীর দাবি, সব্যসাচীর এই বিজ্ঞাপনে মঙ্গলসূত্রের মতো পবিত্র গয়নাকে অপমান করা হয়েছে। তাই ১৫ দিনের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে ডিজাইনারকে।
জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) তৈরি মঙ্গলসূত্রর বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায়। বুধবার সব্যসাচীর ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ছবি পোস্ট হতেই কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। নেটিজেনদের কথায় পবিত্র একটা গয়না নিয়ে নোংরামি করেছেন সব্যসাচী।
[আরও পড়ুন: পাশে নেই জুহির মতো জামিনদার, আরিয়ান কারামুক্ত হলেও বান্ধবী মুনমুনের বাড়ি ফেরা অনিশ্চিত]
বিজ্ঞাপনে এমন কী ছিল, যা নিয়ে এত বিতর্ক? সোশ্যাল মিডিয়ায় সব্যসাচীর শেয়ার করা বিজ্ঞাপনের ছবিতে দেখা গিয়েছে, এক নারী অন্তর্বাস পরে রয়েছে। তাঁর গলায় ঝুলছে সব্যসাচীর ডিজাইন করা মঙ্গলসূত্র। পাশে খালি গায়ে নারী মডেলকে আলতো করে জড়িয়ে আছেন এক পুরুষ মডেল। এরকমই এক বিজ্ঞাপনের ছবি দেখে নেটিজেনরা ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় ডিজাইনারকে আক্রমণ শুরু করেন তাঁরা। নেটিজেনদের বক্তব্য, মঙ্গলসূত্র বিক্রি করতে গিয়ে অশ্লীলতা বিক্রি করছেন সব্যসাচী।
এখানেই শেষ নয়, সব্যসাচী মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে সমকামী যুগলকেও টেনে এনেছেন। এই নিয়ে ডিজাইনারকে শুনতে হচ্ছে নানা বাঁকা কথা। অনেকের বক্তব্য, এই ধরনের বিজ্ঞাপন হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগের উপর আঘাত হানে। অনেকের মত, মঙ্গলসূত্র একটি পবিত্র বস্তু। লোকের নজর কাড়তে তা নিয়ে ডিজাইনার সব্যসাচী নোংরা খেলা খেলছেন। তবে গোটা বিষয় নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সব্যসাচী।
