shono
Advertisement

Breaking News

Salman Khan

গ্যালাক্সিতে সাপের হানা! একাকিত্বের গুঞ্জন নিয়েও মুখ খুললেন সলমন

'শার্টলেস' অবতারে সলমনের পোস্টে একাকিত্বের ইঙ্গিত! ছেলের জন্য দুঃশ্চিন্তা হতেই পালটা পোস্টে সাফাই সলমনের। অন্যদিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার সাপ!
Published By: Kasturi KunduPosted: 09:18 AM May 19, 2026Updated: 12:53 PM May 19, 2026

সোম সকালে আলো আঁধারিতে উন্মুক্ত ঊর্ধ্বাংশে জমে থাকা ফোটা ফোটা ঘামের ছবি পোস্ট করে সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছিলেন। 'শার্টলেস' অবতারে ভাইজানের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে ঘনিষ্ঠমহলের ভ্রু যুগল যে আন্দোলিত হয়েছে তা বলার কোনও অবকাশই নেই। তবে পোস্টের সঙ্গে সলমনের (Salman Khan) ইঙ্গিতপূর্ণ বার্তায় একাকীত্বের কাহনে উদ্বেগ প্রকাশ করেছিল ভক্তমহল। ৬০ বছর বয়সী 'সিঙ্গল' সলমন একাকীত্বে ভুগছেন? এই প্রশ্নে তোলপাড় নেটভুবন, প্রকাশিত একাধিক প্রতিবেদন। যা দেখে দুঃশ্চিন্তায় পড়ে যান সলমনের মা। সন্তান কষ্টে আছে, সেই আঁচ পেতেই ছেলের কাছে প্রশ্ন, 'তোমার কী হয়েছে?'

Advertisement

পরিস্থিতি বেগতিক দেখে সোশাল মিডিয়ায় পালটা পোস্ট সলমনের। বলে রাখা ভালো, তবে এটা সাধারণ কোনও পোস্ট নয় একেবারে 'ব্রেকিং নিউজ' পেশ করলেন ভাইজান। সেটা ঠিক কীরকম? নিজের অবস্থান স্পষ্ট করে জানান, কোনও একাকীত্ব তাঁকে গ্রাস করেনি। পোস্টের সঙ্গে তাঁর ব্যক্তিগতজীবনের কোনও সম্পর্ক নেই। এই মর্মে সলমনের সাফাই, 'আমি তো আমার সম্পর্কে কোনও কথাই বলতে চাইনি। আর আমি কী ভাবে একাকীত্বে ভুগব যেখানে আমার এত সুন্দর একটা পরিবার আছে, আমাকে ভালোবাসার জন্য এত ভক্তরা রয়েছেন। প্রত্যেকের আশীর্বাদে আমি পরিপূর্ণ। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অনেক সময় দৈনন্দিন কাজের চাপে ক্লান্ত লাগে, তখন মনে হয় নিজের সঙ্গে একটু সময় কাটাই। ব্যাস এটুকুই...।'

এরপরই মজার ছলে লিখেছেন, 'এবার আর কোনও ছবি নয়, ব্রেকিং নিউজ বানিয়ে ফেললাম। মা জিজ্ঞাসা করছেন, তোমার কী হয়েছে? আনন্দে থাকো।' একদিকে যখন সলমনের পোস্ট নিয়ে তোলপাড় তখন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সাপের হানা। সোমবার সকালে সলমন খানের আবাসনের নিচে আচমকাই একটি নিরাপত্তারক্ষীদের নজরে আসে সাপটি। সুপারস্টার সলমনের বাসভবন বলে কথা, মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের কাছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছান একজন পেশাদার সাপ উদ্ধারকারী।

সলমনের বাসভবন থেকে উদ্ধার সাপ

গ্যালাক্সির নিচে থাকা সাপের গতিবিধি ট্র্যাক করে খালি হাতেই সাপটিকে কাবু করেন তিনি। লেজ ধরে হাতের সাথে পেঁচিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে বন্দি করে ফেলেন। উল্লেখ্য, বছর পাঁচেক আগে নিজের পনভেল ফার্মহাউসে সাপের কামড় খেয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন সলমন। তবে, ঘটনাস্থল আর ফার্মহাউস নয়, খোদ মুম্বইয়ের বান্দ্রার 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement