১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে রণজয় বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন শ্যামৌপ্তি মুদলি। জমজমাট বিয়ের অনুষ্ঠানের পর ঘরোয়াভাবেই বউভাত সেরেছেন। জীবনের নতুন ইনিংস শুরু করেই এবার 'প্রথম প্রেমের' কাছে ফিরলেন অভিনেত্রী। বিয়ের ছয় দিনের মাথায় যোগ দিলেন প্রথম ফিচার ফিল্ম 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর কাজে।
আমার কেরিয়ারের প্রথম ছবি উইন্ডোজের সাথে। 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এ দারুণ একটা চরিত্রে অভিনয় করেছি। আর প্রথম যে কোনও কিছুই ভীষণ স্পেশাল হয়। আর সেই অভিজ্ঞতা যদি সুন্দর হয়, তাহলে সেটা সারাজীবন মনের মণিকোঠায় রয়ে যায়।
রণজয়-শ্যামৌপ্তির বিয়ের দিন সকালেই অভিনেত্রীর সিনেমার লুক প্রকাশ্যে আনেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছাঁদনাতলায় বসার আগে 'ক্যাপ্টেন অফ দ্য শিপ'-এর শুভেচ্ছাবার্তাতেই কনে লুকে ধরা দিয়েছিলেন শ্যামৌপ্তি। এবার বিয়ের দিন পাঁচেক বাদে সোজা উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছলেন প্রথম সিনেমার কাজে। 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর শুটিং শেষ। আপাতত ডাবিং চলছে। বিয়ের দিন দুয়েক আগেও ডাবিংয়ের কাজ করেছেন অভিনেত্রী। এবার বাকিটা সারার পালা। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছন শ্যামৌপ্তি (Shyamoupti Mudly)।
উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে শ্যামৌপ্তি মুদলি।
বিয়ের পর কাজে ফিরে কেমন অনুভূতি? এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে 'লাজে রাঙা' নবপরিণীতা নায়িকা জানালেন, "ফিরলাম, তাও আবার ভীষণ স্পেশাল একটা কাজ। আমার কেরিয়ারের প্রথম ছবি উইন্ডোজের সাথে। 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এ দারুণ একটা চরিত্রে অভিনয় করেছি। আর প্রথম যে কোনও কিছুই ভীষণ স্পেশাল হয়। আর সেই অভিজ্ঞতা যদি সুন্দর হয়, তাহলে সেটা সারাজীবন মনের মণিকোঠায় রয়ে যায়। ছবিটার জন্য মুখিয়ে রয়েছি। ডাবিংটা শেষ করি। আপাতত রিলিজের অপেক্ষায় এবং এই ছবিতে আমাকে কেমন লাগল? সকলের প্রতিক্রিয়া জানার আশায় রয়েছি।"
বর-কনে বেশে রণজয়-শ্যামৌপ্তি।
বিয়ের দিন সকালেই শ্যামৌপ্তির কনে লুকের দু'টি ছবি শেয়ার করে শিবপ্রসাদ জানান, "ফুল পিসি ও এডওয়ার্ড সিনেমায় বড় পর্দায় প্রথমবারের জন্য অভিনয় করলেন শ্যামৌপ্তি মুদলি। প্রথম অভিনয়ে শ্যামৌপ্তি সব কলাকুশলীর মন জয় করেছেন। আমার বিশ্বাস তার অভিনয় আপনাদের কাছেও সমাদৃত হবে। আজ শ্যামৌপ্তির বিয়ের দিন। বড় পর্দায় কনে বেশে তার ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। রণজয় ও শ্যামৌপ্তির বিয়ের দিনে তাদেরকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি ও উইনডোজ পরিবারের সব সদস্য। তাঁদের আগামী দিন সুখের হোক।" উল্লেখ্য, 'ফুল পিসি ও এডওয়ার্ড' সিনেমার হাত ধরেই বড়পর্দায় পা রাখতে চলেছেন শ্যামৌপ্তি মুদলি। স্ত্রিন শেয়ার করবেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়দের সঙ্গে।
