shono
Advertisement

Breaking News

Sonu Nigam

অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন

সঙ্গীত, সোনু নিগমের রক্তে। তাই অস্ত্রোপচারের মুহূর্তেও গুনগুন করে গান গাইলেন গায়ক। ভিডিও দেখে কী বলছে ভক্তমহল?
Published By: Kasturi KunduPosted: 01:42 PM Aug 09, 2026Updated: 04:28 PM Aug 09, 2026

গানের সঙ্গে তাঁর আত্মিক যোগ, তাই অস্ত্রোপচারের সময়ও গান থামালেন না। গুনগুন করে গাইলেন মহম্মদ রফির গান। তিনি আর কেউ নন, নয়ের দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)। সমাজমাধ্যমে ভাইরাল সেই বিশেষ মুহূর্ত। অস্ত্রোপচারের মাঝে চিকিৎসক ও মেডিক্যাল টিমকে প্রয়াত কিংবদন্তি রফির গান শোনালেন সোনু নিগম। জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন গানই তাঁর মুশকিল আসান সেটাই প্রমাণ করলেন গায়ক।

Advertisement

অস্ত্রোপচারের মুহূর্তে রোগী সাধারণত একটু চিন্তায় থাকেন কিন্তু সকলকে চমকে দিয়ে গান গেয়ে নিজেকে ফুরফুরে রাখলেন সোনু। যা দেখে অবাক চিকিৎসক, সেবিকারাও।হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করে গান গাওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে সোনু লিখেছেন, 'যন্ত্রণার মধ্যেও গান'। একইসঙ্গে সঙ্গীতের আনন্দকে উদযাপন করে লিখেছেন, 'দ্য জয় অফ মিউজিক', যার বাংলা তর্জমা করলে হয় গানের আনন্দ।

সোনু নিগম

সোনুর এই গান যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কঠিন সময়েও সঙ্গীতই মানুষের মনে স্বস্তি, ইতিবাচকতা এবং মানসিক শক্তির আঁধার। চিকিৎসক এবং টিমের বাকি সদস্যদের জন্য এই গানটি পরিবেশন করেন। তাঁর এই ইতিবাচক মনোভাব বা এনার্জিকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা। কীসের অস্ত্রোপচার হয়েছে সেটা অবশ্য খোলসা করেননি সোনু।

তবে যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে সোনুর কণ্ঠে শোনা যাচ্ছে ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত 'দুলারি' ছবির জনপ্রিয় গান 'সুহানি রাত ঢল চুকি'। অস্ত্রোপচার চলাকালীন শারীরিক অস্বস্তির মধ্যেও তাঁর কণ্ঠের জাদুতে যেন মুহূর্তে বদলে গিয়েছিল অস্ত্রোপচার রুমের পরিবেশ। সোনুর এই কাণ্ডকারখানা সঙ্গীতের প্রতি তাঁর গভীর ভালোবাসা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে।

শারীরিকভাবে কঠিন একটি মুহূর্তের মধ্যেও গানের মধ্যেই খুঁজে পেয়েছেন মনোবল বৃদ্ধি ও শান্তির আশ্রয়। গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। এক ভক্ত লেখেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সোনু স্যার।' অন্য একজন লেখেন, 'আপনার দ্রুত আরোগ্যের জন্য মহাবিশ্বের কাছে প্রার্থনা করছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement