দীর্ঘ ৪০ বছর অর্থাৎ চার দশকের বেশি অভিনয় কেরিয়ারে গোবিন্দার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। সেবিষয়ে অবশ্য সম্পূর্ণ অবগত স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। একাধিক সাক্ষাৎকারে গোবিন্দার (Govinda) 'পরকীয়া'কে আংশিক সমর্থন করে বলেছেন, তারকাদের জীবনে নাকি এধরনের ঘটনা স্বাভাবিক। তাই দাম্পত্যে হাজার মনোমালিন্য হলেও কখনও সংসার ভাঙার কথা ভাবেননি। ফের সেই 'সারল্য'র মাশুল গুনতে হবে গোবিন্দাঘরনিকে নাকি এবার শক্ত হাতে হাল ধরবেন? মুম্বই বিমানবন্দরে অভিনেত্রী কোমলের সঙ্গে গোবিন্দা ফ্রেমবন্দি হতেই উঠছে প্রশ্ন।
'মিঠাই কি দুকান' যার বাংলা তর্জমা করলে হয় মিষ্টির দোকান, এই মন্তব্যের পরই একসঙ্গে কোমল-গোবিন্দা! তারকাপত্নী আগেই জানিয়েছিলেন, এই সেই কোমল যাঁর সঙ্গে গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এবার খোদ মুম্বইয়ে চর্চিত প্রেমিকার সঙ্গে লেন্সবন্দি হতেই সরব সুনীতা।
ষাট বছরের 'যুবক' সত্যিই হাঁটুর বয়সি অভিনেত্রীর প্রেমে মশগুল? পাপারাজ্জিরা সুনীতাকে এবিষয়ে প্রশ্ন করলে তাঁর সপাট জবাব, ' আপনারা কোনওদিন এই প্রবাদটি শুনেছেন, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। ওঁর মতিভ্রম হয়েছে। তাই এসব করে বেড়াচ্ছে। আর কী বলব!'
গোবিন্দার কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে তো আগেই খুল্লামখুল্লা কথা বলেছেন সুনীতা। এরপরও নিজেকে শুধরে নেওয়ার বদলে পরকীয়ায় মজে! 'হিরো নম্বর ওয়ান' এখন সকলের নজরে 'চিটার নম্বর ওয়ান', এ বিষয়ে সুনীতার কী মত? উত্তর দেওয়ার সময় একটু সাবধানী সুনীতা।
গোবিন্দা-কোমল
তাঁর কথায়, "এই প্রশ্নটা তো আমাকে গোবিন্দার অনুরাগীদের কাছে করতে হবে। আমি যখন কোনও কথা বলি, তখন সবাই আমাকে নিয়ে রসিকতা করেন। তাই আমি চাই এই প্রশ্নের জবাব ওঁর ভক্তরাই দিক। আমার কোনও আগ্রহ নেই।"
গোবিন্দা ও সুনীতা আহুজা
এদিকে আবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গোবিন্দার ইঙ্গিত, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করার পরই সুনীতা লাইমলাইটে রয়েছেন। স্ত্রীকে খানিক খোঁচা মেরেই অভিনেতার বক্তব্য, "দূরত্ব তৈরি করতে সত্যিই একে অপরের দিকে কাদা ছোড়ার প্রয়োজন আছে? সাফল্য পাওয়ার জন্য নিজের আপনজনদের বদনাম করাটা কি সত্যিই জরুরি? এটা একটু সহজ পথ। সুনীতা বিষয়টি খুব কৌশলে করেন। তিনি চারটি ভালো কথা বলেন, হয়তো সেই প্রশংসা স্বাভাবিকভাবেই আসে, তারপর একটি সমালোচনা করেন। তবে আমি এর মধ্যেও ভালোবাসাই খুঁজে পাই।"
