শুক্রে স্বস্তি সময় রায়নার। প্রায় একবছরের কাছাকাছি জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট। কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ছাড়াও এই মামলায় স্বস্তি পেয়েছেন বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠাক্কর ওরফে সোনালি আদিত্য দেশাই এবং নিশান্ত জগদীশ তনওয়ার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, 'যখন কোনও বিষয়ে ভুল শুধরে নেওয়ার আন্তরিক প্রচেষ্টা থাকে সেখানে ইতিবাচক ফলই নিশ্চিত।' প্রসঙ্গত, স্ট্যান্ড আপ কমেডি, 'ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট শো'য়ের নামে অপমানজনক মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়িয়েছিলেন। দিব্যাঙ্গ তথা বিশেষভাবে সক্ষমদের ব্যাঙ্গ করার অপরাধে 'সুপ্রিম' তোপের মুখে পড়েছিলেন কমেডিয়ান সময় রায়না।
সময় রায়নাকে সুপ্রিম ভর্ৎসনা
দর্শকের মনোরঞ্জনের জন্য অসংবেদনশীল রসিকতা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমতাবস্থায় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রায়না ও আরও চার কমেডিয়ানকে দিব্যাঙ্গদের জন্য তহবিল গঠন করে অর্থ সংগ্রহের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে শোয়ে আনার দাবিও জানিয়েছিলেন।
সেই নির্দেশকে মান্যতা দেওয়ায় 'সুপ্রিম' স্বস্তি সময়-সহ চারজনের। বিশেষভাবে সক্ষমদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্টের প্রশংসা কুড়িয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট শো'-এর একটি এপিসোড ঘিরে বিতর্কের সূত্রপাত। সেই এপিসোডে আবার অতিথির আসনে ছিলেন আরও এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া।
সময় রায়না
সেখানে বাবা-মায়ের যৌনতা নিয়ে কুরুচিকর মন্তব্যে ব্যাপক সমালোচনা হয়েছিল। পরবর্তীতে অসম, মহারাষ্ট্র-সহ একাধিক জায়গায় দায়ের হয়েছিল এফআইআর। আপত্তিকর কনটেন্ট, অশালীন ভাষার ব্যবহার-সহ একাধিক অভিযোগের তীর ছিল শোয়ের সঙ্গে যুক্ত কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
স্বস্তিতে সময় রায়না
উল্লেখ্য, গত অক্টোবরে অভিযুক্ত কমেডিয়ানরা এই মর্মে বিবৃতিও দেন। তাতে বলা হয়, 'আমরা, সময় রায়না, বিপুল গোয়েল, সোনালি ঠক্কর, নিশান্ত তনওয়ার এবং বলরাজ ঘাই…আমাদের অনুষ্ঠান মানসিক আঘাতের করার কারণ হওয়ায় গভীরভাবে দুঃখিত। ভবিষ্যতে আমরা আরও সচেতন থাকব এবং ওই সম্প্রদায়ের (দিব্যাঙ্গ) চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যথাসাধ্য চেষ্টা করব।'
