তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্কের গুঞ্জন এখন 'টক অফ দ্য টাউন'। গত ডিসেম্বর থেকে এই নিয়ে নানা জল্পনা চলছেই। এই আবহেই মানসিক শান্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। পরিস্থিতি যাই আসুক না কেন জীবনে মানসিক শান্তি বজায় রাখাটা অত্যন্ত জরুরি বলেই যে তারা মনে করেন অকপটে জানান সে কথা। একইসঙ্গে তিনি জানান তাঁর কাছে সাফল্যর সংজ্ঞা ঠিক কী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা বলেন, "সাফল্য সকলের কাছে একভাবে ধরা দেয় না। কে জীবনে কতটা সফল হল তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় হয়েই থাকে। কিন্তু যদি মানসিক শান্তির কথা বলি তাহলে তার সন্ধানে থাকে সকলে। যিনি জীবনে সেই মাপের সাফল্য পাননি তিনিও মানসিক শান্তি খোঁজেন। তাই মানসিক শান্তি ও ভালোবাসার মানুষের সংস্পর্শে থাকার থেকে ভালো আর কিছু হয় না।" একইসঙ্গে তারা বলেন, "খুব ছোট থেকেই যেহেতু আমি 'স্পটলাইটে' আসি তাই আমি জানি কীভাবে নিজেকে শান্ত রাখতে হয়। জেনেছি কীভাবে নিজের জীবনে শান্তি বজায় রাখতে হয়। মানসিক শান্তির সঙ্গে কখনও আপস করিনি। আমরা নিজেরাই নিজেদের সবথেকে ভালো জানি ও বুঝি। তাই আমরা জানি আমাদের স্নায়ুকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়।"
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া, ছবি: সোশাল মিডিয়া।
নানা কটাক্ষবাণ ধেয়ে আসার পরেও কীভাবে নীরব থাকেন তারা? এই নিয়ে অভিনেত্রী বলেন, "আসলে আমি মনে করি সত্যিটা আমি এবং আমার আশেপাশে যাঁরা রয়েছেন তাঁরা জানলেই হবে।বাকিদের জানার প্রয়োজন নেই। তারা সমালোচনা করলে করুক। এগুলো আমাকে বিচলিত করে না।" উল্লেখ্য, সাম্প্রতিককালে এ পি ধিলোঁর সঙ্গে মঞ্চে ঘনিষ্ঠতাই কাল হয়েছে তারা ও বীরের সম্পর্কে। বড়দিনের মরশুমে মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে তারার ‘অনস্টেজ’ মাখামাখির পরই বীরের সঙ্গে তারার দূরত্ব বেড়েছিল বলেই গুঞ্জন ছিল বি টাউনে। এরপর প্রেমিক বীরের জন্মদিনের পার্টিতে অভিনেত্রীর অনুপস্থিতিও যেন অনেক কিছু ইঙ্গিত করেছিল। এবার যে কোনও পরিস্থিতিতে মানসিক শান্তি বজায় রাখা প্রসঙ্গে তারা মুখ খুলতে তা যে 'ব্রেকআপ' জল্পনায় খানিক ঘৃতাহুতি দিল সে কথা বলাই বাহুল্য। যদিও সম্পর্ক ভাঙা নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট বা মন্তব্য করলেও সরাসরি এই নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি দু'জনের কেউই।
