shono
Advertisement
Tollywood News

'জীবন দিয়ে বুঝেছি তাই চরিত্রটায় ঢুকতে পেরেছি সহজে', 'পিঞ্জর' ছবিতে অভিনয় নিয়ে আর কী বললেন মল্লিকা?

এই ছবি সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জাঁতাকলে আটকে পড়া মানুষের গল্প।
Published By: Arani BhattacharyaPosted: 09:46 PM Oct 24, 2025Updated: 09:47 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যের পাতার খাঁচায় বন্দি আর বনের পাখির আলাপচারিতা আমরা সকলেই জানি। বনের পাখির হাতছানিতে খাচায় বন্দি পাখি কীভাবে খাঁচার বাইরে বেরোবে তা ভেবে আকুল হত ঠিক সেভাবেই মানুষের খাঁচাবন্দি মনকে এবার পর্দায় তুলে ধরা ধবে। আসলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জাঁতাকলে আটকে পড়া মানুষের গল্প। আপাতদৃষ্টিতে তাদের কাউকেই খাঁচায় বন্দি হয়ে থাকতে দেখা যায় না ঠিকই, কিন্তু আসলে তারা তাদের মনটাকে শিকল পরিয়েই রাখে। আর সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক রুদ্রজিৎ রায়, ছবির নাম 'পিঞ্জর'। বিনোদুনিয়ার সঙ্গে বহুদিন ধরে যুক্ত রুদ্রজিৎ। এটিই তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি।

Advertisement

পেশায় চিকিৎসক রুদ্রজিৎ রায় এই ছবি পরিচালনা করতে গিয়ে তার বিষয়বস্তু নিয়ে ভেবেছেন একটু অন্যরকমভাবে। ইতিমধ্যেই বিদেশে বহু চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করেছে 'পিঞ্জর'। এবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি। বেঙ্গলি প্যানোরমা বিভাগে মনোনীত হয়েছে রুদ্রজিতের এই ছবি। একইসঙ্গে বড়পর্দাতেও এই ছবি খুব শিগগিরি মুক্তির পরিকল্পনা রয়েছে ছবির টিমের। ছবিতে অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে মমতা শঙ্কর। এছাড়াও মুখ্যচরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, শতাক্ষী নন্দী, সাগ্নিক মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিতে আবহসঙ্গীতের দায়িত্ব সামলেছেন রাতুল শঙ্কর। 'পিঞ্জর' নিয়ে বলতে গিয়ে পরিচালকজায়া তথা অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানান, "এই ছবি সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিচ্ছবি তুলে ধরবে। একইসঙ্গে তুলে ধরবে কীভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজের অনিচ্ছা সত্বেও নানাভাবে আটকে পড়েছে এক একটা মানুষ।"

মল্লিকা আরও বলেন, "এই ছবিতে অভিনয় করার সময় আমার এতটুকু মনে হয়নি আমি আর এই ছবিতে আমার চরিত্র শেফালি আলাদা। জীবন দিয়ে একসময়ে বুঝেছি বলেই হয়তো এই চরিত্রে অভিনয় করতে আমার সুবিধা হয়েছে। প্রথমে এই চরিত্রে অভিনয়ের সুযোগ আসার পর একটু ভেবেছিলাম কাজতা করব কিনা। কাজ করার পর মনে হল যদি এই চরিত্রটা না করতাম তাহলে জীবনে একটা বড় আক্ষেপ থেকে যেত। রুদ্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। তখনও আমাদের সম্পর্কটা শুরু হয়নি। তবে এখন যখন এই ছবি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে তখন স্ত্রী হিসাবে আমার সত্যিই খুব গর্ব হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পেশায় চিকিৎসক রুদ্রজিৎ রায় এই ছবি পরিচালনা করতে গিয়ে তার বিষয়বস্তু নিয়ে ভেবেছেন একটু অন্যরকমভাবে।
  • ইতিমধ্যেই বিদেশে বহু চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করেছে 'পিঞ্জর'।
  • এবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি। বেঙ্গলি প্যানোরমা বিভাগে মনোনীত হয়েছে রুদ্রজিতের এই ছবি।
Advertisement