প্রিয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকাটাই তো স্বাভাবিক, তা সে সেলিব্রিটি জুটিই হোক বা সাধারণ মানুষ। রবিবাসরীয় সকালে সেইরকমই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকল আবালবৃদ্ধবনিতা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। সেই সময় পাশে ছিলেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণণ। তাঁদের প্রেম নিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর চর্চা। শোনা যাচ্ছে, রাজনীতির ময়দানে পা রাখার সম্ভবনাও রয়েছে এই দক্ষিণী অভিনেত্রীর। যদিও প্রকাশ্যে তাঁরা সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি। কিন্তু, না বলা অনেক কথা পরিস্থিতি বোঝার জন্য যথেষ্ট।
ভোটের ফলাফলের দিন মন্দিরে পুজো দিয়ে বিজয়ের বাড়িতে তৃষার প্রবেশ প্রেমের জল্পনাকে উসকে দিয়েছিল তা বললে অত্যুক্তি হবে না। কিন্তু, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় বিজয়ের মায়ের সঙ্গে তৃষার আলিঙ্গন যেন এই গুঞ্জনে একপ্রকার 'সিলমোহর' দিয়েই দিল। সি জোসেফ বিজয় রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নীল শাড়িতে নজরকাড়া লুকে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণণ।
তৃষা বলেছিলেন, "বিজয় আমার কাছে আজীবন সবসময় ভীষণ স্পেশাল হয়েই থাকবে। কারণ আমার অধিকাংশ হিট ছবির অংশীদার বিজয়। অনেক মানুষ থাকেন যাঁদের কথা সবসময় মনে থাকে। বিজয় তাঁদের মধ্যেই একজন।"
একদম সামনের সারিতে বসে ছিলেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। চেন্নাইয়ের জহওরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে চর্চিত প্রেমিক বিজয়ের মাকে জড়িয়ে ধরেন তৃষা। দুজনের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের পর নিজেদের আসন গ্রহণ করেন। উল্লেখ্য, বিজয়ের এই বিরাট জয়ের সাফল্য উদযাপনের মুহূর্তে উপস্থিত ছিলেন তৃষার মা উমা কৃষ্ণণও।
টিভিকে গঠনের মাত্র দুই বছরের মধ্যে প্রথম নির্বাচনে জয় পেয়ে বিজয় যে রাজনৈতিক সাফল্যের শিখরে পৌঁছেছেন তা দেখে তাঁরা গর্বিত প্রিয়জনেরা। শোভা বলেন, "বিজয় খুব ভালোভাবে এই দায়িত্ব সামলাবে। ওঁর উপর আমার পূর্ণ আস্থা আছে।" কাকতালীয়ভাবে মাতৃদিবসের দিন এই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ পরিবার ও সমর্থকদের আরও বেশি আবেগপ্রবণ করে দিয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ বিজয়ের
১০ মে যখন বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তখন তৃষাকে দেখে অনুরাগীরা ছুটে এসে ঘিরে ধরেন। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য একপ্রকার মত্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু, মেজাজ না হারিয়ে হাসিমুখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন তৃষা। বিগত কয়েকমাস ধরেই বিজয়-তৃষার প্রেমের গুঞ্জনে মুখরিত দক্ষিণী বিনোমহল। বিজয় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতেই সমাজমাধ্যমে ভাইরাল তৃষার পুরনো সাক্ষাৎকার। যেখানে তৃষা বিজয় সম্পর্কে বলেছিলেন, "ও অসাধারণ একজন মানুষ। আমাদের প্রথম ছবি ঘিল্লির সময় খুব বেশি পরিচয় ছিল না। বিজয় খুব শান্ত স্বভাবের একজন মানুষ। সেটে এসে নিজের কাজ করে বেরিয়ে যান। তবে ঘিল্লিতে কাজ করার সময়ই আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।"
বিজয়ের বিশেষ দিনে পাশে তৃষা
আরও যোগ করেন, "বিজয় আমার কাছে আজীবন সবসময় ভীষণ স্পেশাল হয়েই থাকবে। কারণ আমার অধিকাংশ হিট ছবির অংশীদার বিজয়। আমি কখনও ওকে উত্তেজিত হতে দেখিনি। সেটে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন। অনেক মানুষ থাকেন যাঁদের কথা সবসময় মনে থাকে। বিজয় তাঁদের মধ্যেই একজন।"
