চব্বিশ দিন ধরে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। তবে গত রবিবার, ২৬ এপ্রিল অবশেষে পরিচালক-চিত্রনাট্যকারের হদিশ পাওয়া যায়। গত তিন সপ্তাহে বাংলা সিনেপাড়ায় নিঁখোজ উৎসবকে নিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। পরিচালক কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন? এহেন যাবতীয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সিনেদুনিয়ার অন্দরে। এমতাবস্থায় সপ্তাহান্তে স্বস্তির খবর শোনান স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। এবার অন্তর্ধান রহস্যের ধোঁয়াশা সরিয়ে নিজেই মুখ খুললেন উৎসব মুখোপাধ্যায়।
"আপনারা সকলে অত্যন্ত চিন্তিত ছিলেন এবং তার জন্য আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। তবে এমন একটা পরিস্থিতি তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না। জীবনে মাঝেমধ্যে অপ্রত্যাশিত মোড় আসে...।"
স্ত্রী মৌপিয়া আগেই জানিয়েছিলেন যে, উৎসব আপাতত দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। খবর পেয়ে সোমবারই স্বামীর সঙ্গে দেখা করতে দিল্লির উদ্দেশে উড়ে যান তিনি। গত রবিবার উৎসবের খোঁজ মেলার পরই অনেকে পরিচালকের মানসিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দিন দুয়েক কাটতে না কাটতেই এবার স্ত্রীর সঙ্গে আদুরে ছবি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক। সেখানেই এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি একটু সময় চেয়ে নিয়েছেন তিনি। উৎসব জানিয়েছেন, কলকাতা ফিরেই সকলের সঙ্গে যোগাযোগ করবেন।
খোঁজ মিলল পরিচালক উৎসবের। ছবি- ফেসবুক
\উৎসবের পোস্টে উল্লেখ, 'নমস্কার, আমি এখন আমার স্ত্রীর সঙ্গে দিল্লিতে রয়েছি এবং ভালো আছি। আমি জানি, আপনারা সকলে অত্যন্ত চিন্তিত ছিলেন এবং তার জন্য আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। তবে আমি বলতে চাই যে, এমন একটা পরিস্থিতি তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না। জীবনে মাঝেমধ্যে অপ্রত্যাশিত মোড় আসে। আমি সত্যিই দুঃখিত!' উল্লেখ্য, উৎসব নিরুদ্দেশ হওয়ার পর ইন্ডাস্ট্রির অন্দরে পারিবারিক টানাপোড়েনের কথা শোনা গিয়েছিল। ফেসবুক পোস্টে সেপ্রসঙ্গ উল্লেখ না করে পরিচালকের সংযোজন, 'এইমুহূর্তে আমার এবং মৌপিয়ার কিছুটা ব্যক্তিগত সময় প্রয়োজন। তাই আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি যে, আমাদের সেই সুযোগটুকু দিন। আমি কলকাতায় ফিরে এসে আপনাদের সবার সঙ্গে যোগাযোগ করব। কথা দিচ্ছি। আপনারা আমার এবং আমার স্ত্রীর পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন, তা দেখে আমি অভিভূত। গতকাল তোলা আমাদের এই ছবিটি পোস্ট করলাম এবং আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করছি। ধন্যবাদ।' উৎসব মুখোপাধ্যায়ের এহেন পোস্ট দেখে শুভাকাঙ্খীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। গত ২ এপ্রিল ব্যাঙ্কের কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি উৎসব মুখোপাধ্যায়। এরপরই স্বামীর খোঁজে পুলিশের দ্বারস্থ হন মৌপিয়া। নিরুদ্দেশ যাত্রা শেষে এবার নিজেই নিজের খবর দিলেন টলিউডের পরিচালক তথা চিত্রনাট্যকার।
