একুশ সালের আগস্ট মাসে প্রথমবার মাতৃত্বের স্বাদ পান নুসরত জাহান। সেই একরত্তি ঈশান দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল। বুধবার খুদের জন্মদিন উপলক্ষে সুখী গৃহকোণের ঝলক দেখালেন যশ-নুসরত। এদিন সোশাল মিডিয়ায় ঈশানের কেক কাটার একগুচ্ছ মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই একফ্রেমে ধরা পড়ল যশরতের 'হ্যাপি ফ্যামিলি'। যা দেখে নেটপাড়া তো বটেই, টালিগঞ্জ স্টুডিওপাড়ার সেলেব সদস্যরাও মুগ্ধ।
সপরিবারে পুত্র ঈশানের জন্মদিন উদযাপন করে সুখী গৃহকোণের ঝলক দেখালেন নুসরত জাহান। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ছবিতে দেখা গেল যশের প্রথম পক্ষের ছেলে রেয়াংশকেও।
২০২১ সালের ২৬ অগাস্ট ঈশানের জন্ম হয়। নুসরতপুত্রের পিতৃপরিচয় নিয়ে সেসময়ে কম চর্চা হয়নি। কারণ তার মাসখানেক আগেই নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। তবে নিন্দুকদের কটাক্ষ, সমালোচনা, গসিপের পাহাড় পেরিয়ে লাইমলাইটের অন্তরালে ছেলেকে বড় করে তুলেছেন অভিনেত্রী। গতবছর একাই ঈশানের জন্মদিন পালন করেছিলেন নুসরত। কানাঘুষো, সেসময়ে যশের সঙ্গে নায়িকার মান-অভিমানের পালা চলছিল। তবে এবার সপরিবারে পুত্র ঈশানের জন্মদিন উদযাপন করে সুখী গৃহকোণের ঝলক দেখালেন নুসরত জাহান। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ছবিতে দেখা গেল যশের প্রথম পক্ষের ছেলে রেয়াংশকেও।
যশরতের ভাগ করে নেওয়া পোস্টে 'বার্থডে বয়' ঈশান যেন ঝলমলে এক রোদ্দুর। পরনে লাল টিশার্ট, জিন্স। কার্টুন ডিজাইনের কেকের সামনে বসে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছে সে। আরেক ফ্রেমে দেখা গেল, বাবা যশের কোলে বসে সৎদাদা রেয়াংশের কোলে পা রেখে একেবারে রাজকীয় ভঙ্গিতে কেক কাটছে ঈশান। মা-বাবা, দাদা সকলেই পরম যত্নে খুদেকে কেক খাইয়ে দিচ্ছে। ঘরোয়া উদযাপনে যশরতের এহেন মিষ্টি পারিবারিক মুহূর্ত মন কাড়ল নেটভুবনেরও। রেয়াংশ আসলে যশের প্রথম পক্ষের সন্তান। যদিও যশরতের সঙ্গে সে থাকে না। রেয়াংশ যশের মা-বাবার সঙ্গে অন্য ফ্ল্যাটে থাকে। সদ্য কৈশোরে পা দিয়েছে। ক্যামেরার সামনে রেয়াংশকে খুব একটা দেখা যায় না। কারণ যশ সাধারণত ছেলেদের লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। যদিও একাধিক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন যে, রেয়াংশও তার সন্তান। দীর্ঘদিন বাদে ঈশান-রেয়াংশ দুই ভাইকে একফ্রেমে দেখা গেল।
