shono
Advertisement
BCCI

আফগানদের 'অনুরোধে' খুলবে ভারতের বাংলাদেশ সফরের জট? কার হাতে ঝুলে শ্রেয়সদের ভবিষ্যৎ!

শ্রীলঙ্কার সফরের পর আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ‘বিদেশ সফর’ করবে টিম ইন্ডিয়া।
Published By: Prasenjit DuttaPosted: 08:03 PM Aug 21, 2026Updated: 08:03 PM Aug 21, 2026

শ্রীলঙ্কার সফরের পর আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ‘বিদেশ সফর’ করবে টিম ইন্ডিয়া। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের ‘প্রস্তুতি’ হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের সূচি এগিয়ে আসতে পারে। শোনা যাচ্ছে, এ ব্যাপারে ভারতীয় বোর্ডের কাছে অনুরোধও করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে কাটতে পারে ভারত-বাংলাদেশ সিরিজের জট। তবে প্রশ্ন হল, কার হাতে ঝুলে শ্রেয়স আইয়ারদের ভবিষ্যৎ?  

Advertisement

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজের সূচি কয়েকদিন এগিয়ে আনতে চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যা নিয়ে ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। এতে বাংলাদেশ সফরের জট কাটতে পারে। বর্তমান সূচি অনুযায়ী, অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ও ১৭ সেপ্টেম্বর। আট দিন আগেও আফগান বোর্ড ১৩ বা ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি সরিয়ে ১৪ সেপ্টেম্বর বা গণেশ চতুর্থীর দিন করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআইকে।

গণেশ চতুর্থী উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্তে উৎসব থাকে বলেই সেদিন আদৌ ম্যাচ আয়োজন সম্ভব কিনা, তা নিয়ে নিশ্চিত নন বিসিসিআই কর্তারা। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। কারণ, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। যদিও ডিডিসিএ জানিয়েছে, এই সংক্রান্ত তাদের কাছে কোনও তথ্য নেই।

ছবি সংগৃহীত।

চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে এসেছিল আফগানিস্তান। তার আয়োজক ছিল বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের সিরিজের বিষয়টি আলাদা। আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসাবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। আর এখন প্রথমবার টিম ইন্ডিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজক আফগানিস্তান।

তবে সূচি পরিবর্তন নিয়ে বিসিসিআই বা ডিডিসিএ মুখ খোলেনি। গোটা বিষয়টিই রয়েছে আলোচনার স্তরে। তবে আফগান সিরিজ এগিয়ে এলে সুবিধা বিসিসিআইয়েরই। সেক্ষেত্রে বাংলাদেশ সফরের জন্য সময় পাওয়া যাবে। সূচি নিয়েও জট কাটতে পারে। সূচি অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে গিয়ে লিটন দাসদের বিরুদ্ধে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ সিরিজ খেলার কথা ভারতীয় দলের। সেই অনুযায়ী, ভারত-বাংলাদেশ সিরিজের আর ২ সপ্তাহ বাকি। কিন্তু বিসিসিআই এখনও সিরিজের কথা নিশ্চিত করেনি। এই সফর অনেকটাই নির্ভর করছে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির উপর। উল্লেখ্য, ২৭ আগস্ট শেষ হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। ২৪ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস। এই সময়ের মধ্যে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ হওয়ার কথা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement