shono
Advertisement
Vinod Kambli

কাম্বলির স্বাস্থ্য নিয়ে ফের উদ্বেগ, 'সবার প্রার্থনা প্রয়োজন', বললেন ভাই

বান্দ্রার বাড়িতেই চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে প্রাক্তন ক্রিকেটারের।
Published By: Prasenjit DuttaPosted: 07:50 PM Aug 20, 2025Updated: 07:53 PM Aug 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থতাজনিত সমস্যায় প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি! স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। ঠিকমতো কথাও বলতে পারছেন না। তাঁর ভাই বীরেন্দ্র কাম্বলি এ কথা জানিয়ে বাঁ-হাতি ক্রিকেটারের জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন।

Advertisement

গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এর আগে এক অনুষ্ঠানে তাঁর অসংলগ্ন আচরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। জানা গিয়েছিল, প্রস্রাবের সংক্রমণে ভুগছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর চিকিৎসা চলছিল। বান্দ্রার বাড়িতেই চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

এক সাক্ষাৎকারে বীরেন্দ্র বলেন, "এখন বাড়িতেই আছে দাদা। আগের থেকে অনেকটাই স্থিতিশীল। তবে কথা বলতে এখনও বেশ কিছুটা সমস্যা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে অনেকটাই সময় লাগবে। তবে আমার দাদা তো চ্যাম্পিয়ন। আমি জানি সে আবার সুস্থ স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। আমাদের আশা, কিছুদিন পর থেকে ঠিকমতো হাঁটতে পারবে। হয়তো দৌড়তেও পারবে। এই বিশ্বাসটুকু রয়েছে।"

বীরেন্দ্র আরও বলেন, "দশ দিনের একটা রিহ্যাব ছিল। গোটা শরীরে পরীক্ষা করা হয়েছে। মূত্রনালীর সংক্রমণের পরীক্ষাও হয়েছে। মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে। সব পরীক্ষার রিপোর্ট মোটামুটি ভালো। এখন সমস্যা কিছুটা কম। চিকিৎসকরা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। এখন কথা জড়িয়ে গেলেও আগের মতো নয়। ধীরে হলেও ক্রমশ সুস্থতার পথে দাদা। আপনারা দাদার পাশে থাকুন। ওর জন্য প্রার্থনা করুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।"

দেশের হয়ে ১০৪টি ওয়ানডে ও ১৭টি টেস্ট খেলেছেন তিনি। কেরিয়ারের শুরুতে অনেক মাইলফলকই অর্জন করেছিলেন। পরপর দু’টি দ্বিশতরানের রেকর্ডও তাঁর নামে। কিন্তু অচিরেই হারিয়ে গিয়েছেন ক্রিকেট থেকে। সম্প্রতি কাম্বলি অসুস্থ হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তবে তার জন্য একটি শর্তও ছিল। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। তবেই পুরো খরচ দিতে তৈরি ছিলেন কপিল দেবরা। উল্লেখ্য, কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অসুস্থতাজনিত সমস্যায় প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি!
  • স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না।
  • ঠিকমতো কথাও বলতে পারছেন না।
Advertisement