shono
Advertisement

Breaking News

Australia vs Bangladesh

পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের

যে সময় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো উপমহাদেশীয় দেশগুলো বিশ্বকাপ জিতে ফেলেছে, বলা যেতে পারে সেসময় হামাগুড়ি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ২০০০ সালে প্রথমবার টেস্ট খেলার সুযোগ পায় টাইগার ব্রিগেড।
Published By: Anwesha AdhikaryPosted: 02:39 PM Aug 16, 2026Updated: 07:25 PM Aug 16, 2026

টেস্ট ক্রিকেট 'নতুন'ই বলা যায় বাংলাদেশকে। যে সময় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো উপমহাদেশীয় দেশগুলো বিশ্বকাপ জিতে ফেলেছে, বলা যেতে পারে সেসময় হামাগুড়ি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ২০০০ সালে প্রথমবার টেস্ট খেলার সুযোগ পায় টাইগার ব্রিগেড। মাত্র ২৬ বছরেই এমন এক নজির গড়ে ফেলল বাংলাদেশ, যা তথাকথিত হেভিওয়েট দলের পক্ষেও সম্ভব হয়নি।

Advertisement

উপমহাদেশীয় দেশগুলির মধ্যে প্রথমবার অজিভূমে টেস্ট খেলতে গিয়েছিল ভারত। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পরই পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পাড়ি। ওই সিরিজে একটা ম্যাচ ড্র করে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় ভারতীয় দল। ২০ বছর পর ফের অস্ট্রেলিয়া সফর। ১৯৬৭ সালে অবশ্য আর মুখরক্ষা হয়নি। চার ম্যাচের সিরিজে ৪-০ হেরে দেশে ফেরে ভারত। ১৯৭৭ সালে ভারত আবারও যায় অস্ট্রেলিয়া সফরে। সেবারই প্রথম অজিভূমে টেস্ট জয়ের স্বাদ মেলে ভারতীয় ক্রিকেটে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল সিডনিতে। ওই ম্যাচ এক ইনিংস এবং ২ রানে জেতে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, ১১তম ম্যাচে এসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট জয়।

পাকিস্তানের প্রথম অজি সফর ছিল ১৯৬৪ সালে। সেবার একটাই টেস্ট খেলা হয় দুই দলের মধ্যে। ওই ম্যাচ ড্র হয়েছিল। ১৯৭২ সালের সফরে ৩-০ হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। চারবছর পর ফের পাকিস্তানের অজি সফর। তিন ম্যাচের সিরিজের শেষ টেস্ট জিতে যায় পাক ব্রিগেড। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম ম্যাচটায় জেতে পাকিস্তান। অন্যদিকে, ১৯৮৮ থেকে অজিভূমে টেস্ট খেলছে শ্রীলঙ্কা। ১৫টি ম্যাচ খেললেও লঙ্কা বাহিনী জিততে পারেনি।

টেস্ট ক্রিকেটে মাত্র ২৬ বছর বয়স হওয়া সত্ত্বেও এই তিন উপমহাদেশীয় হেভিওয়েটকে হারিয়ে দিল বাংলাদেশ। তারা প্রথমবার অজি সফরে গিয়েছিল ২০০৩ সালে। ডারউইনের মাঠে ইনিংস এবং ১৩২ রানে বিধ্বস্ত হয় টাইগার ব্রিগেড। পরের ম্যাচটাও ইনিংস হার। তারপর ২৩ বছরের অপেক্ষা। ২০২৬ সালে আবারও ডারউইনের মাঠেই খেলতে নামল টাইগার ব্রিগেড। অজিদের ধরাশায়ী করে ৯ উইকেটে জিতল ম্যাচ (Australia vs Bangladesh)। অজিভূমে তিন নম্বর টেস্ট খেলতে নেমেই জয়ের স্বাদ পেল টাইগাররা, উপমহাদেশীয় দেশগুলির মধ্যে দ্রুততম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement