shono
Advertisement
Bangladesh Cricket

জাতীয় দলের ক্রিকেটারকে পিটিয়ে থানায় নিয়ে গেল বাংলাদেশের পুলিশ! প্রতিবাদে সরব মুশফিক-লিটনরা

নিজেকে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিয়েও রেহাই পাননি নইম হাসান। এমনকী স্থানীয় মানুষও তাঁকে চিনে পুলিশকে থামতে বলে। তারপরও নইমকে থানায় নিয়ে যায় পুলিশ।
Published By: Arpan DasPosted: 01:18 PM Jun 13, 2026Updated: 01:19 PM Jun 13, 2026

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারকে পিটিয়ে দিল সে দেশের পুলিশ! শুক্রবার রাতে চট্টগ্রামে বাংলাদেশের স্পিনার নইম হাসানকে পুলিশ মারধোর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় তিনজন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নইমের 'পুলিশি হেনস্তা'র প্রতিবাদে সরব হয়েছেন সতীর্থ মুশফিকুর রহিম থেকে লিটন দাসরা।

Advertisement

ঠিক কী ঘটেছে? শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রাম যাচ্ছিলেন নইম। অনেক রাত হয়ে যাওয়ায় বিমানবন্দর থেকে অটো ধরেন। মাঝপথে গোয়েন্দা বিভাগের পুলিশ অটো থামিয়ে কাগজপত্র দেখতে চায়। নইমের অভিযোগ, এরপর পুলিশ তাঁকে গলাধাক্কা দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। নইম নিজেকে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন। এমনকী স্থানীয় মানুষও তাঁকে চিনে পুলিশকে থামতে বলে।

কিন্তু কথা কাটাকাটির মধ্যে পুলিশ নইমকে লাঠি দিয়ে কোমরে আঘাত করে বলে অভিযোগ। মারধোর করেই তাঁকে খুলশি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে হেনস্তা করা হয় বলে বক্তব্য নইমের। থানায় নইমের আত্মীয়স্বজন জড়ো হন। বাংলাদেশি ক্রিকেটারের বক্তব্য, থানায় গিয়ে তিনি বোর্ড সভাপতি তামিম ইকবালকে ফোন করেন। তাদের হস্তক্ষেপে পরে থানা থেকে মুক্তি মেলে। অন্যদিকে পুলিশের বক্তব্য, ওই অটোটির বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্তা জানিয়েছেন, আপাতত ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করবেন তারা।

তবে নইমের 'পুলিশি হেনস্তা'র প্রতিবাদে সরব বাংলাদেশের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম সোশাল মিডিয়ায় লিখেছেন, 'আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।' তাসকিন আহমেদ লিখেছেন, 'জাতীয় দলের ক্রিকেটার নইম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।' বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘মাথা উঁচু রাখো নইম। তুমি একজন চমৎকার মানুষ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement