shono
Advertisement
India cricket team

চোটে জেরবার ভারত, 'আনফিট' বুমরাহকে রেখেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, রয়েছে নতুন মুখও

বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজের শেষ ম্যাচে খেলানো হয়নি বুমরাহকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন তিনি?
Published By: Anwesha AdhikaryPosted: 10:16 AM Jul 28, 2026Updated: 10:16 AM Jul 28, 2026

চোটের ধাক্কায় জেরবার ভারতীয় দল। তবে সেই সমস্যার মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। দুই টেস্টের দলে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। তবে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। অন্যদিকে চোট সারিয়ে কামব্যাক করেছেন রবীন্দ্র জাদেজাও। সুযোগ দেওয়া হয়েছে সারাংশ জৈনকে। তবে নীতীশ রেড্ডি-হর্ষিত রানাদের দলে রাখা যায়নি চোট সমস্যার কারণে।

Advertisement

আগামী ১৫ আগস্ট থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট হবে গলে। দ্বিতীয় টেস্ট, ২৩ আগস্ট থেকে কলম্বোয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে গেলে এই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার আগে ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে ছিলেন একজনই- জশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজের শেষ ম্যাচে খেলানো হয়নি বুমরাহকে। সেই ম্যাচ সিরিজ নির্ণয়ক হওয়া সত্ত্বেও। কারণ, বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার।

তবে তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে এদিন। বোর্ড সূত্রে খবর, শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি রয়েছে। পর্যাপ্ত সময় হাতে রয়েছে। ভারতীয় পেসারের এ মুহূর্তে ‘রিকভারি’ চলছে। বোর্ডের মত, বুমরাহর হাতে যথেষ্ট সময় রয়েছে ‘রিকভারি’ শেষ করে টেস্ট দলে যোগ দেওয়ার। তাই স্কোয়াডে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে ফিটনেস টেস্টে পাশ করতে হবে তারকা পেসারকে। অন্যদিকে, ভারতীয় দলে কামব্যাক করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে খেলার পর থেকেই তিনি দলের বাইরে। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তিনি টিম ইন্ডিয়ার বড় অস্ত্র হতে পারেন।

মধ্যপ্রদেশের হয়ে ১৩১ উইকেট নেওয়া সারাংশ জৈন ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাতীয় দলে ডাক পেয়ে। বুমরাহর পাশাপাশি সাই সুদর্শনকেও ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। উল্লেখ্য, সিরিজ শুরুর আগে একটি প্র্যাকটিস ম্যাচও খেলবে ভারতীয় দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল [সহ-অধিনায়ক], যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন*, ধ্রুব জুরেল(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জশপ্রীত বুমরাহ*, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, দেবদত্ত পাড়িক্কল, সারাংশ জৈন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement