shono
Advertisement
Jasprit Bumrah

আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না 'আনফিট' বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই

ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারলে ভারতীয় দলে জায়গা হবে না তাঁর। সেক্ষেত্রে বিকল্প কী?
Published By: Prasenjit DuttaPosted: 12:25 PM Sep 04, 2026Updated: 12:51 PM Sep 04, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে কি পাওয়া যাবে জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)? তাঁর ফিটনেস নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিন্ত নয় বিসিসিআই। তাই আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বুমরাহকে খেলানোর আগে তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করতে না পারলে ভারতীয় দলে জায়গা হবে না তাঁর। সেক্ষেত্রে বিকল্প কী?

Advertisement

জানা গিয়েছে, বুমরাহের বিকল্প হিসাবে তৈরি রাখা হচ্ছে আরও এক পেসার প্রিন্স যাদবকে। কেবল বুমরাহ নন, চোটের কারণে মাঠের বাইরে থাকা আরও তিন ক্রিকেটারকেও ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুমরাহের সঙ্গে ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিরও পরীক্ষা হবে। তাঁদের শুধু ফিটনেস টেস্টই নয়, ম্যাচ সিমুলেশন পরীক্ষাতেও নামানো হবে। প্রতিযোগিতামূলক ম্যাচের ধকল নেওয়ার মতো অবস্থায় তাঁরা রয়েছেন কিনা, তা খতিয়ে দেখবেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। সবুজ সংকেত মিললেই আফগানিস্তান সিরিজে খেলার ছাড়পত্র পাবেন চার ক্রিকেটার। চিকিৎসকদের রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকরা।

শ্রেয়স আইয়ারের কাছ থেকে নিজের প্রথম ওয়ানডে ক্যাপ গ্রহণ করেছিলেন প্রিন্স যাদব। ছবি বিসিসিআই/এক্স।

বিসিসিআইয়ের এক কর্তা ওই সংবাদমাধ্যমকে বলেন, "সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম গত সপ্তাহেই নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠিয়েছে। সেখানে চার জনের ফিটনেস নিয়ে কোনও বড় সমস্যা দেখা যায়নি। তবে ম্যাচের ধকল নেওয়ার ক্ষমতা যাচাই করতে তাঁদের প্রস্তুতি ম্যাচে খেলানো হবে।" তিনি আরও বলেন, "৪ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্সে কয়েকটি অনুশীলন ম্যাচ হবে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, চার জনই আফগানিস্তানের বিরুদ্ধে খেলার মতো অবস্থায় রয়েছেন। কিন্তু চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে আরও একবার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।"

১০ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছনোর কথা শ্রেয়স আইয়ারদের। বুমরাহ, ওয়াশিংটন, হর্ষিত এবং নীতীশ ছাড়পত্র পেলে বেঙ্গালুরু থেকেই সরাসরি দিল্লি চলে যাবেন। তবে বিকল্প হিসাবে তৈরি রাখা হচ্ছে প্রিন্সকেও। গত জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল প্রিন্সের। এর পর গত ২৫ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। যদিও সেই চোট কাটিয়ে উঠেছেন। তাঁকে ইতিমধ্যেই খেলার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। ফলে বুমরাহ শেষ পর্যন্ত খেলতে না পারলে প্রিন্সকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। উল্লেখ্য, ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ১৫ ও ১৭ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement