shono
Advertisement
Smriti Mandhana

যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত

বৃহস্পতিবারের দুবাইয়ে স্মৃতির দুরন্ত ব্যাটিংকেও মরুঝড় বলা যেতেই পারে। যে ঝড়ে স্রেফ প্রতিপক্ষ কুপোকাত হয়নি, খানখান হয়ে গিয়েছে জোড়া বিশ্বরেকর্ডও।
Published By: Anwesha AdhikaryPosted: 11:05 PM Sep 03, 2026Updated: 11:07 PM Sep 03, 2026

স্মৃতি মন্ধানা। বৃহস্পতিবারের পর থেকে এই নামটা আরও বেশি করে জায়গা করে নেবে ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ একটা ইনিংস খেলে তিনি সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে উঠে গিয়েছেন। একটা ইনিংস খেলেই লিখে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের জোড়া ইতিহাস। স্মৃতির দাপুটে শতরানের সামনে একেবারে খড়কুটোর মতো উড়ে গেল হংকং। ভারত চলে গেল এশিয়া কাপের সেমিফাইনালে।

Advertisement

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হরমনপ্রীত কউররা হারিয়েছিলেন থাইল্যান্ডকে। বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়টাও প্রত্যাশিতই ছিল। টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠায় হংকং। তারপরই 'মরুঝড়'। শারজায় শচীন তেণ্ডুলকরের মরুঝড়ের কাহিনি ক্রিকেটপ্রেমীদের সকলেরই জানা। বৃহস্পতিবারের দুবাইয়ে স্মৃতির দুরন্ত ব্যাটিংকেও মরুঝড় বলা যেতেই পারে। যে ঝড়ে স্রেফ প্রতিপক্ষ কুপোকাত হয়নি, খানখান হয়ে গিয়েছে জোড়া বিশ্বরেকর্ডও।

মাত্র ৬৪ বলে ১২৪ রান আসে স্মৃতির ব্যাট থেকে। মেরেছেন ১৪টি বাউন্ডারি, সাতটি ছক্কা। ঝোড়ো ব্যাটিংয়ের পর তিনি যখন আউট হয়ে ফিরছেন, তাঁর নামের পাশে বসে গিয়েছে জোড়া বিশ্বরেকর্ড। মহিলা ক্রিকেটের সর্বকালীন ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকনোর নজির এখন স্মৃতির ঝুলিতে। সবমিলিয়ে ১৮টি শতরান করেছেন তিনি। টপকে গিয়েছেন মেগ ল্যানিং এবং লরা উলফার্টকে। একই সঙ্গে মহিলা ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে গিয়েছেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটের ১০৮৮০ রান করেছেন তিনি। এতদিন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ছিল মিতালি রাজের (১০৮৬৮) দখলে।

স্মৃতির দাপটে ১৯৩ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভার টিকে থাকার চেষ্টা করেছিলেন হংকং ব্যাটাররা। তারপর স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। তিনটি উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। জোড়া উইকেট গিয়েছে প্রেমা রাওয়াত, শ্রী চরণী এবং নন্দিনী শর্মার ঝুলিতে। দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল উইমেন ইন ব্লু। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। তবে সেই ম্যাচের আর কোনও গুরুত্ব নেই ভারতের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement