shono
Advertisement
Vaibhav Sooryavanshi

এক-দু'বছরে হারিয়ে যাওয়ার আশঙ্কা! শচীনের প্রসঙ্গ টেনে বৈভবকে বড়সড় বার্তা বিসিসিআইয়ের

বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতীয় বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বৈভবকে নিয়ে।
Published By: Subhajit MandalPosted: 10:26 AM Sep 04, 2026Updated: 10:26 AM Sep 04, 2026

বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই সে সুপারস্টার। একডাকে তাকে চেনে গোটা ক্রিকেট বিশ্ব। আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট-সব স্তরেই বোলারদের ত্রাস হয়ে উঠেছে 'বেবি বস'। কিন্তু এই অভাবনীয় সাফল্যের সঙ্গে সঙ্গেই যে জিনিসটা অবধারিতভাবে চলে আসে, সেটা হলে প্রতিভার অপমৃত্যুর আশঙ্কা। অতীতে দেখা গিয়েছে বহু বিস্ময় প্রতিভা শুধু উপযুক্ত নিয়ন্ত্রণের অভাবে হারিয়ে গিয়েছে। বৈভবের ক্ষেত্রে যাতে তেমন কিছু না হয়, সেটা নিশ্চিত করতে মরিয়া বিসিসিআই।

Advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতীয় বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বৈভবকে নিয়ে। যে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। ছিলেন সেন্টার অফ এক্সেলেন্সের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণও। ওই বৈঠক শেষে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলে দেন, বৈভব বা তার মতো প্রতিভাবান ক্রিকেটারদের উপর বাড়তি নজর দিচ্ছে ভারতীয় বোর্ড। বস্তুত কোনও ক্রিকেটার যাতে একটা বা দু'টো সিরিজের পর হারিয়ে না যান, সেটা নিশ্চিত করতে চায় বিসিসিআই।

বোর্ড সচিব বলেন, "১৫ বছরের একজন ক্রিকেটার ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে এভাবে সাফল্য পাচ্ছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। তবে আমরা খুব সাবধানে পা ফেলছি। ও যাতে আগামী দিনে সাফল্য ধরে রাখতে পারে সেজন্য ওকে সবদিক থেকে নজরে রাখা হচ্ছে। আমরা চাই বৈভব সূর্যবংশী বা অন্য প্রতিভাবান তরুণরা শচীন তেণ্ডুলকরের মতো দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের সেবা করুক। আমরা বৈভবকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। ওকে সবরকমভাবে সাহায্য করা হবে। বোর্ড ওর প্রতিটি পদক্ষেপে নিবিড়ভাবে নজর রাখছে।"

আসলে রেকর্ড ও বৈভব সূর্যবংশী যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। এর মধ্যেই 'বেবি বস' এমন কিছু নজির গড়ে ফেলেছে, যা ভাঙা কার্যত অসম্ভব। দু'বছর হল ভারতীয় ক্রিকেটের চর্চায় এসেছে। অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে। ভারতের কনিষ্ঠতম পুরুষ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে বৈভবের। জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে সুযোগ পায় বৈভব। মাত্র ১৫ বছর ৯৯ দিনে ভারতীয় দলে সুযোগ পায়। এর আগে শচীন তেণ্ডুলকর ১৬ বছর ২০৫ দিনে ভারতের জার্সি পরেছিলেন। স্বাভাবিকভাবেই শচীনের সঙ্গে তাঁর তুলনাটা চলেই আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement