এবার ক্রিকেটে বিশ্বরেকর্ড ফুটবলের দেশ ব্রাজিলের মহিলা ক্রিকেটার লরা কার্ডোসোর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসাবে ৯ উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে পেসার লরা গড়লেন নতুন ইতিহাস।
লেসোথোর বিরুদ্ধে ম্যাচে বল হাতে বিধ্বংসী স্পেল করেন এই ব্রাজিলিয়ান পেসার। মাত্র তিন ওভারে ৪ রান দিয়ে ৯টি উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ভুটানের সোনাম ইয়াশির দখলে। ২০২৫ সালে মায়ানমারের বিরুদ্ধে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন।
ম্যাচের শুরুতেই ব্যাট হাতে দাপট দেখায় ব্রাজিল। নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের বিশাল রান করে তারা। দলের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন রবার্টা এভেরি। তিনি করেন ৩৫ বলে ৪৮। মনিক মাচাদো করেন ৪১ বলে অপরাজিত ৬৯। এরপর বল হাতে ধ্বংসযজ্ঞ চালান ২১ বছরের কার্ডোসো। দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করে লেসোথোর ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। চতুর্থ ওভারে আরও চারটি উইকেট নিয়ে নিজের উইকেট সংখ্যা বাড়িয়ে সাত করেন। ষষ্ঠ ওভারে আরও দু'টি উইকেট তুলে নিয়ে পৌঁছে যান অবিশ্বাস্য ৯ উইকেটের মাইলফলকে। ৬.২ ওভারের মধ্যে মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ব্রাজিল।
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলির মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে নিউজিল্যান্ডের এমি সাদারওয়েটের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে ভারতের দীপক চাহারের দখলে। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি মাত্র ৩.২ ওভারে ৭ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেছিলেন।
