বল বিকৃতির মতো ঘৃণ্য কলঙ্কে জর্জরিত পাক ক্রিকেট। বিশ্বের সব প্রান্তেই বল বিকৃতি করলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস নিষিদ্ধ করা হয়েছিল। আর সেখানে পাকিস্তানে গুরু পাপে লঘু দণ্ড। বল বিকৃতি করায় মাত্র ২ ম্যাচ নিষিদ্ধ করা হল ফখর জামানকে।
লাহোর কালান্দার্সের সঙ্গে করাচি কিংসের ম্যাচের শেষ ওভারে এই কাণ্ডটি করেন ফখর। পুরো ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে। প্রাথমিকভাবে ফখর জামানকে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু ম্যাচ রেফারি তাঁকে দোষী সাব্যস্ত করেন। ফখরকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। তারপর ম্যাচ রেফারি রোশন মহানামা চূড়ান্ত সিদ্ধান্ত জানান। সব তথ্য-প্রমাণ যাচাই করে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।
শেষ ওভারে জয়ের জন্য কিংসের দরকার ছিল ১৪ রান। বল করতে আসেন হ্যারিস রউফ। দেখা যায়, রউফের হাত থেকে বল নিয়ে তাতে কিছু একটা ঘষছেন ফখর। এই দৃশ্য নজর এড়ায়নি আম্পায়ার ফয়সাল আফ্রিদির। পরিস্থিতি বুঝে তিনি বল পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। খানিক পরে তাঁরা সিদ্ধান্ত নেন, বলটি বিকৃত করা হয়েছে। আইসিসির নিয়ম মেনে প্রতিপক্ষ করাচির ঝুলিতে ঢুকে পড়ে বাড়তি পাঁচ রান।
এবার শাস্তিস্বরূপ মাত্র দুই ম্যাচ নিষিদ্ধ করা হল ফখরকে। অথচ ২০১৮ সালে অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট বল বিকৃত করতে গিয়ে ধরা পড়েন। অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করা হয়। আর সেখানে পাক মুলুকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা। উল্লেখ্য, ফখর এর আগেও বল বিকৃতি করেছিলেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কাণ্ড করেও বেঁচে গিয়েছিলেন পাক ক্রিকেটার।
